Dhaka Mail Logo

আন্তর্জাতিক

পানির নিচে মসজিদ বানাচ্ছে দুবাই

আন্তর্জাতিক ডেস্ক

২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫১ পিএম

পানির নিচে বিশ্বের প্রথম মসজিদ নির্মাণ করতে যাচ্ছে দুবাই। মুসলিম পর্যটকদের আকৃষ্ট করতেই এমন মসজিদ নির্মাণ করবে দেশটি। নামাজ আদায়ের পাশাপাশি দেশের পর্যটন শিল্পেও এক অনন্য আকর্ষণ যোগ করবে এই মসজিদ। 

গালফ নিউজের খবরে বলা হয়েছে, নির্মাণ খরচ আনুমানিক ৫ কোটি ৫০ লাখ আমিরাতি দিরহাম। বাংলাদেশি টাকায় যার পরিমাণ ১৬৪ কোটিরও বেশি।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে প্রকল্পটির ঘোষণা দেয় দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস বিভাগ (আইএসিএডি)। এ সময় উপস্থিত ছিলেন আইএসিএডির মহাপরিচালক ড. হামাদ আল শেখ আহমেদ আল শাইবানিসহ বিভাগের অন্যান্য বিশিষ্ট ব্যক্তি ও বিশিষ্ট কর্মকর্তারা। ইসলামি পর্যটনকে আরও শক্তিশালী করতে উচ্চাভিলাষী এই ধর্মীয় প্রকল্পের ঘোষণা দিয়েছে সংস্থাটি।

আরও পড়ুন: কেন ব্যাপক জনপ্রিয় দুবাই রাজকন্যা?

মসজিদটির সঠিক অবস্থান এখনো প্রকাশ করা হয়নি। তবে এটি উপকূলের খুব কাছাকাছি হবে বলে জানিয়েছেন বিভাগের কালচারাল কমিউনিকেশন কনসালট্যান্ট আহমেদ খালফান আল মনসুরি। মসজিদে আসা পর্যটক ও নামাজ আদায়কারীরা মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত একটি সেতু দিয়ে মসজিদে ঢুকবেন বলে জানান তিনি।

তিন তলা বিশিষ্ট মসজিদটির এক তলা থাকবে সাগরের নিচে। আর বাকি দুই তলা পানির উপরে। ২ হাজার বর্গফুটজুড়ে বিস্তৃত মসজিদের নির্মাণকাজ চালু হবে চলতি বছরের অক্টোবরে। নির্মাণে সময় লেগে যাবে প্রায় ১২ মাস।

মসজিদের প্রথম তলায় থাকবে নামাজ আদায়ের জায়গা। যাতে একসঙ্গে ৫০ থেকে ৭৫ জন মুসলি­ নামাজ আদায় করতে পারবেন। কিছু গণমাধ্যম জানিয়েছে, ২০২৫ সালের প্রথমদিকে ৬০০ মুসল্লির জন্য বিস্তৃত পরিসরে এটি উন্মুক্ত করা হবে।

প্রথম তলায় ওজুর সুবিধা ও ওয়াশরুমের সুবিধাও থাকবে। দ্বিতীয় তলায় থাকবে ইসলামিক বক্তৃতা ও কর্মশালার আয়োজনের জন্য একটি বহুমুখী হল। আর তৃতীয় তলায় থাকবে কুরআন প্রদর্শনী কেন্দ্র। খালিজ টাইমসের শেয়ার করা একটি ছবিতে দেখা যায়, মসজিদের অবকাঠামোর পানির উপরের অংশে থাকবে বসার জায়গা আর একটি কফি শপ। নিচতলার নামাজের কক্ষে বসে সমুদ্রও দেখতে পারবেন মুসলি­রা। এ লক্ষ্যেই নামাজঘরের একপাশে বিশাল একটা কাচের দেওয়াল দেওয়া হবে।

আরও পড়ুন: ‘নতুন দুবাই’ গড়ছেন আমিরাতের রাজকুমারি আমনেহ

খবরে বলা হয়েছে, ২০২৫ সালের প্রথমদিকে ৬০০ মুসল্লির জন্য বিস্তৃত পরিসরে এটি উন্মুক্ত করা হবে। মসজিদটি সব ধর্মের মানুষের জন্য উন্মুক্ত থাকবে। তবে দর্শনার্থী নারী-পুরুষ প্রত্যেককেই পরিধান করতে হবে শালীন পোশাক। মেনে চলতে হবে ইসলামিক ঐতিহ্য ও রীতিনীতি। নারীদের ক্ষেত্রে মাথা-কাঁধ ঢাকা থাকে এমন পোশাক।

দেশটির কালচার কমিউনিকেশন কনসাল্ট বিভাগের আহমেদ খালফান আল মানসুরি বলেন, সংযুক্ত আরব আমিরাত বিশ্ব পর্যটকদের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আমরা বিশ্বাস করি, এখানে মানবিকতা আর উচ্চ পর্যায়ে নিতে আমাদের আরও কাজ করতে হবে। এজন্য আমরা আরও আকর্ষণীয় পর্যটন স্থান তৈরি করব।

একে