images

হেলথ

ঈদে পরিমিত খাবার গ্রহণের পরামর্শ স্বাস্থ্য বিশেষজ্ঞদের

নিজস্ব প্রতিবেদক

২১ এপ্রিল ২০২৩, ১২:১৮ পিএম

একমাস সিয়াম সাধনার পর দরজার দ্বারপ্রান্তে পবিত্র ঈদুল ফিতর। রমজানের পুরো সময়ই মানুষ তার স্বাভাবিক খাদ্য গ্রহণের রুটিনের বাইরে ছিল। ঈদের মাধ্যমে আবার তারা স্বাভাবিক জীবনে ফিরে আসবে। এই সময়ে মানুষ বেহিসাবি খাওয়া-দাওয়া করে। তবে ঈদে মাত্রাতিরিক্ত খাবার গ্রহণের বিষয়ে সতর্ক করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

বিশেষ করে যখন সারাদেশে তীব্র তাপদাহ চলছে, তখন এমন সতর্কতা দিয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন স্বাভাবিক খাদ্য গ্রহণ রুটিনে বাইরে থাকায় মানুষের পাকস্থলী অনেক বেশি সেনসিটিভ থাকে। তাই এমনভাবে খাদ্য গ্রহণ করা যাবে না, যা অস্বস্তি বা শরীর খারাপের কারণ হয়। তাই এই সময়ে সবাইকে স্বাভাবিক খাদ্য গ্রহণ এবং যাদের নানাবিধ শারীরিক সমস্যা রয়েছে, তাদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাদ্য গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।

Healthঈদে খাওয়া কেমন হওয়া উচিত জানতে চাইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক ও ইমেরিটাস অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ ঢাকা মেইলকে বলেন, ঈদে অতিরিক্ত খাওয়া যাবে না। স্বাভাবিক পরিমাণে ও রুটিনের মধ্যে এটি রাখতে হবে। এমনভাবে খাওয়া যাবে না যাতে শরীর খারাপ হয়।

তৈলাক্ত খাবারের বিষয়ে সতর্ক করে তিনি বলেন, ঈদে বেশিরভাগ খাবারই অতিরিক্ত তৈলাক্ত হয়। সুস্থতার জন্য এসব খাবার গ্রহণ এড়িয়ে চলতে হবে। এবারের ঈদ প্রচণ্ড গরমের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে। গরমে এসব খাবার বেশি খেয়ে হাসপাতালে ভর্তি হলে ঈদের আনন্দ সব যাবে। পাশাপাশি বিপত্তি তো আছেই।

একই বিষয়ে কথা হলে রাজধানীর আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) ও কলেজ হাসপাতালের পরিচালক ডা. বাহাদুর আলম ঢাকা মেইলকে বলেন, গরমে যেসব খাবার হজমে বেশি পরিশ্রম প্রয়োজন হয়, অর্থাৎ তৈলাক্ত খাবারগুলো যতটা সম্ভব এড়িয়ে চলা ভালো। ঈদে সাধারণত আমরা চর্বিযুক্ত খাবারগুলোই বেশি খেয়ে থাকি। এবার যেহেতু অনেক বেশি গরম, তাই এই ধরনের খাবারের ক্ষেত্রে আমাদের সর্তকতা অবলম্বন করতে হবে।

ডা. বাহাদুর আলম বলেন, অধিক পরিমাণ তৈলাক্ত খাবারের বিপরীতে পানিযুক্ত খাবার যেগুলো রয়েছে যেমন: তরমুজ বা এই জাতীয় ফল বেশি করে খাওয়া উচিত। এছাড়া কোমল পানীয় পানের ক্ষেত্রে সবসময়ই সতর্ক করে থাকি। কেননা এটি ডিহাইড্রেশনের কারণ হতে পারে।

এমএইচ/আইএইচ