নিজস্ব প্রতিবেদক
২৯ নভেম্বর ২০২৬, ০৪:১১ পিএম
গত এক বছরে দেশে এইচআইভি (এইডস) ভাইরাসে আক্রান্ত হয়ে ২৮৫ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে ২৩০৫ জনের ভাইরাসটি শনাক্ত হয়েছে, যা আগের বছরের তুলনায় ২২ শতাংশ বেশি। নতুন শনাক্ত ব্যক্তিদের ৮৫ শতাংশ পুরুষ, ১৫ শতাংশ নারী। তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর সদস্য আছে ১ শতাংশ।
রোববার (২৯ নভেম্বর) দুপুরে বিশ্ব এইডস দিবস উপলক্ষে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের আয়োজিত সাংবাদ সম্মেলনে এই তথ্য তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
এবারের বিশ্ব এইডস দিবসের প্রতিপাদ্য ‘এনডিং এআইডিএস স্টাট উইথ অ্যাকসেস’। দিবসটি উপলক্ষে ১ ডিসেম্বর সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনের সামনে র্যালি এবং পরে মিলনায়তনে সেমিনারের আয়োজন করা হয়।
সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫ সালের নভেম্বর থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে দেশে মোট ২৬ লাখ ৪৯ হাজার ৬৬৩ জনের এইচআইভি পরীক্ষা ও স্ক্রিনিং করা হয়েছে। এ সময়ে ২ হাজার ৩০৫ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। ২০২৫ সালে শনাক্তের সংখ্যা ছিল ১ হাজার ৮৯১। সে হিসাবে এক বছরে নতুন শনাক্তের সংখ্যা বেড়েছে ২২ শতাংশ।
২৫ থেকে ৪৯ বছর বয়সীদের মধ্যে আক্রান্তের হার ৬১ শতাংশ। ২০ থেকে ২৪ বছর বয়সীদের মধ্যে আক্রান্তের হার ২৪ শতাংশ এবং অন্যান্য বয়সীদের হার ১৫ শতাংশ। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৪৮ শতাংশ বিবাহিত, ৪৮ শতাংশ অবিবাহিত, ১ শতাংশ বিধবা এবং ১ শতাংশ তালাকপ্রাপ্ত।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশে সাধারণ জনগোষ্ঠীর মধ্যে এইচআইভি সংক্রমণের হার এখনো শূন্য দশমিক ১ শতাংশের নিচে। তবে নির্দিষ্ট ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে সংক্রমণের হার তুলনামূলক বেশি।
শনাক্ত ব্যক্তিদের পেশা ও আচরণ বিশ্লেষণে দেখা গেছে, ৬০ শতাংশ পুরুষের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনকারী পুরুষ ও পুরুষ যৌনকর্মী (এমএসএম/এমএসডব্লিউ), ১ শতাংশ তৃতীয় লিঙ্গের, ১ শতাংশ নারী যৌনকর্মী, ৪ শতাংশ শিরায় মাদক গ্রহণকারী, ৫ শতাংশ জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক (এফডিএমএন), ১১ শতাংশ বিদেশফেরত ব্যক্তি ও তাদের পরিবারের সদস্য এবং ১৮ শতাংশ অন্যান্য সাধারণ জনগোষ্ঠীর।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, দেশে আনুমানিক ১৯ হাজার ৮৪০ জন এইচআইভিতে আক্রান্ত ব্যক্তি রয়েছেন। তাদের মধ্যে এখন পর্যন্ত ১৬ হাজার ৬১৮ জনকে শনাক্ত করা সম্ভব হয়েছে। অর্থাৎ আনুমানিক ৩ হাজার ২০০ জন এখনো শনাক্তের বাইরে রয়েছেন। সরকারি ও উন্নয়ন সহযোগীদের অর্থায়নে দেশে এইচআইভি পরীক্ষা ও চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
স্বাস্থ্যসেবা বিভাগের তথ্য অনুযায়ী, ২০টি জেলার ২০টি সরকারি হাসপাতালে এইচআইভি টেস্টিং সেন্টার রয়েছে। এ ছাড়া ১৬টি মেডিকেল কলেজ ও জেলা সদর হাসপাতালে এবং আটটি এনজিও স্যাটেলাইট ও ড্রপ-ইন সেন্টারের মাধ্যমে এইচআইভি আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
এইচআইভি আক্রান্ত রোগীদের বিনা মূল্যে অ্যান্টিরেট্রোভাইরাল (এআরভি) ওষুধ সরবরাহ করছে সরকার। বর্তমানে প্রায় ১০ হাজার ১১৪ জন রোগীকে এ ওষুধ দেওয়া হচ্ছে। ২০১৭ সাল থেকে এইচআইভি আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার ব্যয় সরকার বহন করছে।
এ ছাড়া দেশের ৬৪টি জেলায় মেডিকেল কলেজ ও জেলা সদর হাসপাতালে এইচআইভি পরীক্ষার সেবা সম্প্রসারণের লক্ষ্যে একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরি করা হয়েছে। প্রেস নোটে বলা হয়েছে, প্রকল্পটি ইতিমধ্যে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) নীতিগত অনুমোদন পেয়েছে।
এমআর