Dhaka Mail Logo

হেলথ

সুপার স্পেশালাইজড হাসপাতাল সচলে ১,৪১০ কোটি টাকা চায় বিএমইউ

নিজস্ব প্রতিবেদক

২৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ পিএম

দেশে বিশ্বমানের আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতাল লিমিটেডের জন্য ১ হাজার ৪১০ কোটি ৭ লাখ ৮৮ হাজার ৯৮৩ টাকা ৩৩ পয়সা বিশেষ বরাদ্দ চেয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে আবেদন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ বলছে, হাসপাতালটির আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন সার্ভিস সেন্টার চালু, চিকিৎসা সরঞ্জাম কেনা, দক্ষ জনবল নিয়োগ এবং অবকাঠামোগত উন্নয়নে এ অর্থ ব্যয় করা হবে।

সোমবার (২৩ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর কার্যালয়ে প্রয়োজনীয় যৌক্তিকতা ও বিস্তারিত তথ্য সংবলিত বিশেষ বরাদ্দের আবেদনপত্রের অনুলিপি স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের কাছে হস্তান্তর করেন বিএমইউ (সাবেক পিজি হাসপাতাল) সুপার স্পেশালাইজড হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান ও বিএমইউর ভিসি অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।

হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু করা গেলে দেশে লিভার ট্রান্সপ্লান্ট, কিডনি ট্রান্সপ্লান্ট, আধুনিক কার্ডিওভাস্কুলার ও স্ট্রোক চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি বিশেষায়িত জরুরি চিকিৎসা, বন্ধ্যাত্ব চিকিৎসা এবং নারী, মাতৃ ও শিশুস্বাস্থ্যসেবায়ও নতুন সক্ষমতা তৈরি হবে।

হাসপাতালটিতে ক্রিটিক্যাল কেয়ার সেবার আওতায় থাকবে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ), ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ), নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট (এনআইসিইউ) এবং শিশুদের জন্য পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট (পিআইসিইউ)।

হাসপাতাল কর্তৃপক্ষের আবেদনে বলা হয়েছে, বিশেষায়িত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সাতটি গুরুত্বপূর্ণ সার্ভিস সেন্টার গড়ে তোলা ও আধুনিকায়নের পরিকল্পনা রয়েছে। এগুলো হলো—লিভার ট্রান্সপ্লান্ট ও হেপাটোবিলিয়ারি-প্যানক্রিয়েটিক সেন্টার, কিডনি ট্রান্সপ্লান্ট ও ডিজিজ সেন্টার, কার্ডিওভাস্কুলার ও স্ট্রোক সেন্টার, অনকোলজি সেন্টার, রেডিওলজি ও ইমেজিং সেন্টার, বিশেষায়িত জরুরি চিকিৎসা সেন্টার এবং বন্ধ্যাত্ব ও বিশেষায়িত নারী, মাতৃ ও শিশু চিকিৎসা সেন্টার।

এ ছাড়া সিসিইউ, আইসিইউ, এনআইসিইউ ও পিআইসিইউ পরিচালনার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম, লাইফ সাপোর্ট ভেন্টিলেটর, আধুনিক অপারেশন থিয়েটার, চিকিৎসা ও শল্য সরঞ্জাম, ল্যাবরেটরি যন্ত্রপাতি এবং আধুনিক হাসপাতাল বেড ও সাইড লকার কেনার পরিকল্পনা রয়েছে।

অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে হাসপাতালের সম্মুখভাগের সৌন্দর্যবর্ধন, সবুজায়ন, বহির্বিভাগ ও রোগীদের অপেক্ষাকক্ষ আধুনিকায়ন, কেবিন ও ওয়ার্ড সংস্কার, কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণব্যবস্থা, চিলার ও মেডিক্যাল গ্যাস প্ল্যান্ট স্থাপন, সাবস্টেশন স্থাপন এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা চালুর উদ্যোগ নেওয়া হবে।

পাশাপাশি সিলিং মেরামত, হেপা ফিল্টার স্থাপন, ল্যাবরেটরি সংস্কার, পার্কিং র‍্যাম্প উন্নয়ন, ইনডোর ও মর্গ সংস্কার, সম্মেলনকক্ষ ও অডিটোরিয়াম আধুনিকায়ন এবং ক্যাফেটেরিয়া ও বেজমেন্ট সংস্কারের জন্যও অর্থ প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

আবেদনপত্রে বলা হয়, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালটি প্রতিষ্ঠার পর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নিজস্ব অর্থায়নে সীমিত পরিসরে পরিচালিত হয়ে আসছিল। পরবর্তী সময়ে গত ১ অক্টোবর থেকে হাসপাতালটি বিএমইউ সুপার হাসপাতাল লিমিটেড নামে জয়েন্ট স্টক কোম্পানিতে নিবন্ধিত হয়েছে।

বিশ্বমানের চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ চিকিৎসক ও দক্ষ জনবল নিয়োগের পরিকল্পনা রয়েছে। এ জন্য চিফ কনসালট্যান্ট, সিনিয়র কনসালট্যান্ট ও কনসালট্যান্ট পদে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসক, নার্স, কর্মকর্তা, টেকনোলজিস্ট ও অন্যান্য কর্মচারীর বেতন-ভাতা নিশ্চিত করতে বরাদ্দের প্রয়োজনীয়তা তুলে ধরেছে কর্তৃপক্ষ।

ইতোমধ্যে প্রয়োজনীয় বিশেষজ্ঞ, দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসকসহ অন্যান্য জনবল নিয়োগের লক্ষ্যে দেশের বহুল প্রচারিত জাতীয় দৈনিক পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিয়োগ কার্যক্রমও চলমান রয়েছে।

আবেদনপত্র হস্তান্তরের সময় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব এ কে এম বেনজামিন রিয়াজী, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. আ. ন. ম. বজলুর রশীদ, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন উপস্থিত ছিলেন।

এ ছাড়া বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বিএমইউর উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, হাসপাতালটির পরিচালক ও বিএমইউর ডিন অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সী এবং বিএমইউর পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার শফিকুল হাসান রতনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং বিশেষ বরাদ্দের বিষয়ে প্রয়োজনীয় আশ্বাস দেন। একই সঙ্গে বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল লিমিটেডের কার্যক্রম দ্রুত সম্পন্ন করার নির্দেশনা দেন।

সংশ্লিষ্টরা মনে করেন, প্রস্তাবিত বিশেষ বরাদ্দ পাওয়া গেলে হাসপাতালটির পূর্ণাঙ্গ কার্যক্রম চালু করা সহজ হবে। এর মাধ্যমে দেশের রোগীদের জন্য জটিল ও বিশেষায়িত চিকিৎসাসেবার সুযোগ বাড়বে। পাশাপাশি উন্নত চিকিৎসার জন্য বিদেশমুখী হওয়ার প্রবণতা কমাতেও হাসপাতালটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

এসএইচ/এআর