Dhaka Mail Logo

হেলথ

চিকিৎসকদের বদলি-পদায়নে নতুন নির্দেশনা সরকারের

নিজস্ব প্রতিবেদক

১৯ নভেম্বর ২০২৬, ০৭:২৭ পিএম

বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের চিকিৎসকদের অটোমেশন পদ্ধতিতে বদলি ও পদায়নের ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়। গত ৯ নভেম্বর অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত বাস্তবায়নে এসব নির্দেশনা দেওয়া হয়েছে।

স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখার উপসচিব আশরাফ আহমেদ রাসেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপজেলায় কর্মরত চিকিৎসকদের আবেদন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) এবং জেলায় কর্মরত চিকিৎসকদের আবেদন (প্রযোজ্য ক্ষেত্রে) তত্ত্বাবধায়ক, সিভিল সার্জন, পরিচালক অথবা অধ্যক্ষের মাধ্যমে পাঠাতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, ইউএইচএফপিওসহ সব পর্যায়ের প্রশাসনিক পদে বদলি ও পদায়নের কার্যক্রম সরাসরি স্বাস্থ্য সেবা বিভাগ থেকে সম্পন্ন করা হবে। অন্যদিকে, জুনিয়র কনসালটেন্ট ও ষষ্ঠ গ্রেডের কর্মকর্তাদের বদলি ও পদায়নের দায়িত্ব পালন করবে স্বাস্থ্য অধিদফতর।

সহকারী সার্জন, মেডিকেল অফিসার ও ডেন্টাল সার্জনসহ নবম থেকে সপ্তম গ্রেডের কর্মকর্তাদের নিজ নিজ বিভাগের মধ্যে বদলি ও পদায়ন সংশ্লিষ্ট বিভাগীয় পরিচালকের কার্যালয় থেকে সম্পন্ন হবে। তবে এক বিভাগ থেকে অন্য বিভাগে বদলির ক্ষেত্রে এ কার্যক্রম পরিচালনা করবে স্বাস্থ্য অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সব পর্যায়ের বদলি ও পদায়ন পর্যায়ক্রমে অটোমেশন পদ্ধতিতে পরিচালনা করতে হবে। পাশাপাশি সব পর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি দেবে স্বাস্থ্য সেবা বিভাগ।

নির্দেশনায় বদলি ও পদায়নের ক্ষেত্রে আরও কিছু শর্ত নির্ধারণ করা হয়েছে। এতে বলা হয়েছে, কেবল শূন্যপদের বিপরীতেই চিকিৎসকদের বদলি ও পদায়ন করা যাবে। এ ছাড়া প্রশাসনিক জরুরি প্রয়োজন কিংবা সুনির্দিষ্ট কারণ ছাড়া কোনো পদে পদায়নের দুই বছরের মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাকে পুনরায় বদলি করা যাবে না।

এম/এআরএম