নিজস্ব প্রতিবেদক
১৭ নভেম্বর ২০২৬, ০৭:২৬ পিএম
হৃদযন্ত্রে দুটি রিং (স্টেন্ট) বসানোর পর হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে রাজধানীর একটি হাসপাতাল থেকে মিন্টুরোডের বাসায় ফেরেন তিনি।
এর আগে প্রধানমন্ত্রীর নির্দেশে স্বাস্থ্যমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে যান প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)সহ একটি প্রতিনিধি দল।
এছাড়া মন্ত্রীকে দেখতে হাসপাতালে যান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. ফরহাদ হালিম ডোনার, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (স্বাস্থ্য) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার, সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ এবং সংগঠনটির সহসভাপতি অধ্যাপক ডা. আবুল কেনানসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।
এছাড়া সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান হাসপাতালে ফুল পাঠিয়ে স্বাস্থ্যমন্ত্রীর প্রতি শুভেচ্ছা ও সহমর্মিতা জানিয়েছেন।
প্রসঙ্গত, গত ১৫ নভেম্বর রাজধানীর একটি হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর এনজিওগ্রাম করা হলে হৃদযন্ত্রের তিনটি স্থানে ব্লক ধরা পড়ে।
পরবর্তী সময়ে চিকিৎসকদের পরামর্শে মন্ত্রীর দুটি ব্লকে রিং (স্টেন্ট) পরানো হয়। অপর ব্লকটি ডায়ালেশন (বেলুনের মাধ্যমে রক্তনালি প্রসারিত করা) পদ্ধতিতে চিকিৎসা করা হয়েছে।
এসএইচ/এএইচ