Dhaka Mail Logo

হেলথ

তিন দিবস উপলক্ষে ইনসাফ বারাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক

১৪ নভেম্বর ২০২৬, ০৫:১৫ পিএম

বিশ্ব ডায়াবেটিস, বক্ষব্যাধি ও শিশু দিবস উপলক্ষে রাজধানীতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছে ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল। এতে প্রায় ৩০০ মানুষকে বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ দেওয়া হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর মগবাজারে হাসপাতালটির উদ্যোগে এ ক্যাম্প আয়োজন করা হয়। এ সময় বিনামূল্যে ডায়াবেটিস ও রক্তচাপ পরীক্ষা করা হয়।

সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এ ক্যাম্পে ডায়াবেটিস ও হরমোন, শিশু, মেডিসিন ও বক্ষব্যাধিসহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগী দেখেন। পাশাপাশি ফ্রি হেলথ চেকআপের সুযোগ এবং প্যাথলজি পরীক্ষায় ৫০ শতাংশ ও অন্যান্য পরীক্ষায় ৪০ শতাংশ ছাড় দেওয়া হয়।

ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. এম ফখরুল ইসলাম। 

এ সময় তিনি বলেন, নভেম্বর মাসের তিনটি গুরুত্বপূর্ণ দিবস উপলক্ষে সমন্বিতভাবে এ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ডায়াবেটিস সময়মতো নিয়ন্ত্রণ করা না হলে শরীরের বিভিন্ন অঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে। একইভাবে বক্ষব্যাধি ও শ্বাসতন্ত্রের রোগ প্রতিরোধে সচেতনতা এবং বিশুদ্ধ পরিবেশ জরুরি। শিশুদের সুস্থ বিকাশের জন্যও প্রয়োজন সঠিক যত্ন, পুষ্টি ও স্বাস্থ্যকর পরিবেশ।

তিনি আরও বলেন, মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বাড়ানো এবং সাধারণ মানুষের কাছে বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে হাসপাতালটি এ ধরনের কর্মসূচি আয়োজন করে থাকে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দি বারাকাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এম রুহুল আমিন এবং হাসপাতালের নির্বাহী চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ আফজালুল করিম। 

ক্যাম্পে অংশ নেওয়া চিকিৎসকদের মধ্যে ছিলেন ডায়াবেটিস ও হরমোন বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডা. শায়দাহ উল্লাহ ও ডা. তাহমিনা ফেরদৌসী, শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. গোলাম হাফিজ ও সহযোগী অধ্যাপক ডা. মো. মিজানুর রহমান (অব.) এবং মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডা. মনির হোসেন সোহেল।

এমএইচ/এআরএম