নিজস্ব প্রতিবেদক
০৯ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পিএম
জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) অবকাঠামো উন্নয়ন ও চিকিৎসাসেবার মান বাড়াতে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আগামী ডিসেম্বরের মধ্যেই এ প্রকল্পের টেন্ডার আহ্বান করা হবে বলে জানিয়েছেন তিনি।
সোমবার (৯ নভেম্বর) জাতীয় অর্থোপেডিক হাসপাতাল পরিদর্শনকালে এ ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় হাসপাতালের নতুন আইসিইউ, পোস্ট অপারেটিভ ওয়ার্ড, বহির্বিভাগের ই-টিকেটিং, কিউআর কোড এবং সম্প্রসারিত অটোমেশন ব্যবস্থার উদ্বোধন করেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, দেশের প্রতিটি হাসপাতালে চিকিৎসকেরা নতুন উদ্ভাবনী চিন্তা ও একাগ্রতা নিয়ে কাজ করছেন। চিকিৎসকেরা যাতে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স বজায় রাখতে পারেন, সেজন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আরও মানবিক, সহনশীল ও সংবেদনশীল আচরণ করতে হবে। রোগীদের সেবার ক্ষেত্রে আন্তরিকতা ও দায়িত্বশীলতার কোনো বিকল্প নেই।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের সামগ্রিক চিকিৎসাব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলতে সরকার বহুমুখী সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে। স্বাস্থ্য খাতের অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিকায়নে যত বরাদ্দ প্রয়োজন, তা দিতে সরকারের সদিচ্ছা রয়েছে।
তিনি জানান, ৫০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে জাতীয় অর্থোপেডিক হাসপাতালের চিকিৎসাসেবার পরিধি আরও বাড়বে। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীরা উন্নত চিকিৎসা সুবিধা পাবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) পরিচালক অধ্যাপক ডা. মো. আবুল কেনান।
পরে স্বাস্থ্যমন্ত্রী রাজধানীর আগারগাঁওয়ে শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবন উদ্বোধন করেন।
এ সময় তিনি বলেন, স্বাস্থ্য খাতে অনেক অর্জনের পাশাপাশি এখনো নানা ধরনের ঘাটতি রয়েছে। এসব সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার চেষ্টা করছে সরকার। অতীতের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে স্বাস্থ্য খাতের মান উন্নত হয়েছে।
এসএইচ/এফএ