নিজস্ব প্রতিবেদক
০৮ নভেম্বর ২০২৬, ০৫:২৬ পিএম
হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে সারাদেশে মারা গেছেন তিনজন।
অন্যদিকে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২২৫ জন শিশু। এই সময়ের মধ্যে ডেঙ্গু শনাক্ত হয়েছে ২ হাজার ৩৩৩ জনের শরীরে।
রোববার (৮ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হাম ও ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
আরও পড়ুন: হাম কীভাবে ছড়ায়?
হামের প্রতিবেদনে বলা হয়েছে, দেশে গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ২৭৮ জন। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৭৩ জনের মৃত্যু হয়েছে।
আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৩৮ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩৭ হাজার ৮৫২ জনে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৮৭ জন। এ নিয়ে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৩৮১ জনে।
গত ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১২ হাজার ৯৭৯ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ২ লাখ ৪ হাজার ৪৯ জন।
অন্যদিকে ডেঙ্গুর প্রতিবেদন বলছে, চলতি বছরে মশাবাহিত রোগটিতে মারা গেছে মোট ৪৬১ জন। একই সময়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১ লাখ ৪৯ হাজার ৯১৩ জন।
এর আগে গত বছর সারাদেশে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হন ১ লাখ ২ হাজার ৮৬১ জন। মারা যান ৪১৩ জন। তার আগে ২০২৪ সালে আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা যান ৫৭৫ জন।
এএইচ