Dhaka Mail Logo

হেলথ

বিএমইউর ল্যাবরেটরি সার্ভিসকে ‘সেন্টার অব এক্সিলেন্স’ করার উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক

০৫ নভেম্বর ২০২৬, ০৫:৫১ পিএম

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ল্যাবরেটরি সার্ভিস সেন্টারকে আন্তর্জাতিক মানে উন্নীত করে ‘সেন্টার অব এক্সিলেন্স’ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ লক্ষ্যে ল্যাব অ্যাক্রিডিটেশন কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালকের দফতরে ল্যাবরেটরি সার্ভিস পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত থেকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।

সভায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল অনুষদের ডিন এবং ল্যাবরেটরি সার্ভিস পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সী এবং ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. সাখাওয়াত হোসেন সায়ন্থ।

সভায় ল্যাবরেটরি সার্ভিসের অ্যাক্রিডিটেশন কার্যক্রম এগিয়ে নিতে কোর অ্যাক্রিডিটেশন কমিটি গঠন, সব বিভাগের ফোকাল পারসন মনোনয়ন, বিভাগ ভিত্তিক গ্যাপ অ্যানালাইসিস সম্পন্ন করে প্রতিবেদন জমা এবং বিভাগীয় ল্যাবরেটরি ব্যবস্থাপনার কাঠামো প্রস্তুত করার বিষয়ে আলোচনা হয়।

এ ছাড়া সংশ্লিষ্টদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান, সমন্বিত অ্যাক্রিডিটেশন রোডম্যাপের খসড়া তৈরি এবং বিভাগ ভিত্তিক অগ্রগতি প্রতিবেদন উপস্থাপনসহ কার্যক্রম বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় সংশ্লিষ্ট কমিটির সভাপতি বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ডা. নাসরীন চৌধুরী, সদস্য প্যাথলজি বিভাগের অধ্যাপক ডা. শবনম আখতার, মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শাহেদা আনোয়ার, ল্যাবরেটরি মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নাছরিন জাহান, হেমাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ফারজানা রহমান এবং সদস্য সচিব ভাইরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. তাহমিনা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

এম/এফএ