Dhaka Mail Logo

হেলথ

স্বাস্থ্যসেবা সহযোগিতায় ‘আমরা নারী’ ও ‘এরিস্টো আই হাসপাতালের’ সমঝোতা

নিজস্ব প্রতিবেদক

০৫ নভেম্বর ২০২৬, ০৩:১০ পিএম

নারীর স্বাস্থ্য সুরক্ষা, সামাজিক ক্ষমতায়ন এবং জনস্বাস্থ্যসেবার প্রসারে পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করেছে অরাজনৈতিক ও অলাভজনক সামাজিক সংগঠন ‘আমরা নারী’ এবং বিশেষায়িত চক্ষু চিকিৎসাসেবা প্রতিষ্ঠান ‘এরিস্টো আই হাসপাতাল’। এ লক্ষ্যে প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর মিরপুর রোডে অবস্থিত এরিস্টো আই হাসপাতালের নিজস্ব প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উপস্থিতিতে এই সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।

‘আমরা নারী’র পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী এম এম জাহিদুর রহমান বিপ্লব। এ সময় প্রতিষ্ঠানটির পক্ষে উপস্থিত ছিলেন সেক্রেটারি (লিগ্যাল অ্যাডভোকেসি) ব্যারিস্টার ফারজানা আওয়াল তটিনী এবং সেক্রেটারি (রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট) ডা. রাকিবুল হাসান মুরাদসহ অন্যান্য প্রতিনিধিবৃন্দ।

অন্যদিকে, এরিস্টো আই হাসপাতালের পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী প্রফেসর মেজর জেনারেল (অব.) ডা. কামরুল হাসান খান। এ ছাড়া হাসপাতালটির পক্ষে আরও উপস্থিত ছিলেন হেড অব অপারেশনস প্রফেসর ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মুহাম্মদ দেলোয়ার হোসাইন এবং ম্যানেজার (বিজনেস ডেভেলপমেন্ট) মো. আনামুল হক।

সদস্য ও তাদের পরিবারের জন্য বিশেষায়িত চিকিৎসাসেবা

স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় ‘আমরা নারী’র নিবন্ধিত সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা এরিস্টো আই হাসপাতালের নির্ধারিত বিশেষায়িত চক্ষু চিকিৎসাসেবা ও সংশ্লিষ্ট স্বাস্থ্যসেবায় বিশেষ ছাড় এবং প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধা লাভ করবেন। এর মাধ্যমে সদস্যদের জন্য মানসম্মত চক্ষু চিকিৎসা আরও সহজলভ্য করার পাশাপাশি প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণে উৎসাহিত করা হবে।

চক্ষুস্বাস্থ্য সচেতনতায় যৌথ কর্মপরিকল্পনা

চিকিৎসাসেবায় বিশেষ সুবিধা প্রদানের পাশাপাশি চক্ষুস্বাস্থ্য বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, চোখের রোগের প্রাথমিক লক্ষণ সম্পর্কে ধারণা প্রদান, সময়মতো রোগ শনাক্তকরণ এবং প্রতিরোধমূলক স্বাস্থ্যশিক্ষা বিস্তারে প্রতিষ্ঠান দুটি যৌথভাবে কাজ করবে। এ লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠান, নারী ও শিক্ষার্থী সমাজ এবং বিভিন্ন সামাজিক ও প্রাতিষ্ঠানিক প্ল্যাটফর্মে চক্ষুস্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক সেমিনার, মতবিনিময় সভা, স্বাস্থ্যশিক্ষা কার্যক্রম এবং প্রয়োজনভিত্তিক জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। বিশেষ করে চোখের রোগ সম্পর্কে অসচেতনতা ও প্রচলিত ভুল ধারণা দূর করা এবং যথাসময়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণের গুরুত্ব তুলে ধরার ওপরও গুরুত্ব দেওয়া হবে।

সামাজিক উন্নয়ন ও স্বাস্থ্য সুরক্ষায় ‘আমরা নারী’র অঙ্গীকার

উল্লেখ্য, ‘আমরা নারী’র সহযোগী প্রতিষ্ঠান ‘আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট’ দীর্ঘদিন ধরে নারীর অধিকার, স্বাস্থ্য, শিক্ষা, নিরাপদ খাদ্য এবং টেকসই সামাজিক উন্নয়ন বিষয়ক গবেষণা, জনসচেতনতা ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। নারী, তরুণ প্রজন্ম এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কল্যাণে বহুমাত্রিক উদ্যোগ গ্রহণের মাধ্যমে সংগঠনটি একটি অন্তর্ভুক্তিমূলক ও সচেতন সমাজ গঠনে কাজ করে যাচ্ছে।

সংশ্লিষ্টদের মতে, ‘আমরা নারী’ ও এরিস্টো আই হাসপাতালের এই অংশীদারত্ব কেবল চিকিৎসাসেবায় বিশেষ সুবিধা প্রদানের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং প্রাতিষ্ঠানিক সহযোগিতার মাধ্যমে চক্ষুস্বাস্থ্য সচেতনতা, প্রতিরোধমূলক চিকিৎসা শিক্ষা এবং জনসাধারণের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা সহজলভ্য করার একটি ইতিবাচক ও সময়োপযোগী উদ্যোগ। এ সহযোগিতা ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে স্বাস্থ্য ও জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নের সুযোগ সৃষ্টি করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

সদস্যদের বিনামূল্যে বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা

‘আমরা নারী’র এই বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা গ্রহণের জন্য আগ্রহী নারী-পুরুষ নির্বিশেষে যেকোনো নাগরিক সংগঠনটির ওয়েবসাইট www.aamranari.org এ প্রবেশ করে (জেনারেল; সাধারণ) সম্পূর্ণ বিনামূল্যে সদস্যপদ গ্রহণ করতে পারবেন। নিবন্ধিত সদস্যরা সমঝোতা স্মারকে নির্ধারিত শর্ত ও সুবিধা অনুযায়ী নিজের এবং পরিবারের সদস্যদের জন্য এরিস্টো আই হাসপাতালের বিশেষায়িত চক্ষু চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন। মানবিক মূল্যবোধ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং পারস্পরিক সহযোগিতার সমন্বয়ে এই উদ্যোগ দেশের নারী, পরিবার, শিক্ষার্থী এবং বৃহত্তর জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষায় ইতিবাচক অবদান রাখবে— এমনটাই প্রত্যাশা দুই প্রতিষ্ঠানের।

এফএ