নিজস্ব প্রতিবেদক
৩০ অক্টোবর ২০২৬, ০৭:০৩ পিএম
দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ২৬২ জন। এই মাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ১৭৩ জন মারা গেছে। অন্যদিকে হামের উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। তাদের একজন সিলেটে ও অন্যজন খুলনায় চিকিৎসাধীন ছিল। এ সময় নতুন করে এক হাজার ৩১৬ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। আর ৭৫ জনের হাম শনাক্ত হয়েছে।
চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪১৮-এ। আর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হয়েছে এক লাখ ৩৩ হাজার ৩৬৭।
শুক্রবার (৩০ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার হিসাব তুলে ধরা হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া তিনজনই ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিল। এ সময়ে ঢাকা বিভাগের হাসপাতালগুলোতে সবচেয়ে বেশি ৪৩৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এ ছাড়া চট্টগ্রামে ২৬৮ জন, খুলনায় ২৩১, বরিশালে ১৮২, রাজশাহীতে ১১২, ময়মনসিংহে ৭৫, রংপুরে ৪৮ ও সিলেটে ১১ জন হাসপাতালে ভর্তি হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের মাসভিত্তিক হিসাব অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ডেঙ্গুতে দুজন করে মারা যায়। মার্চ ও এপ্রিলে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। মে মাসে একজন, জুনে ১৩, জুলাইয়ে ৩৬, আগস্টে ৪৩ ও সেপ্টেম্বরে ১৪৮ জনের মৃত্যু হয়।
চলতি অক্টোবরের ৩০ দিনে ডেঙ্গুতে মারা গেছে মোট ১৭৩ জন। এ নিয়ে এ মাসে মৃত্যুর সংখ্যা চলতি বছরের অন্য মাসগুলোর তুলনায় বেশি।
অন্যদিকে স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে দুই লাখ ২৭ হাজার ৬৭৩ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৩ হাজার ৭৭০ জনের। একই সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৪৬ জনের মৃত্যু হয়েছে। আর নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ১০৫ জন। এ নিয়ে চলতি বছর হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ২৫১-তে।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে মারা গেছে ৫১১ জন। এরপর সিলেটে ২০২ জন, চট্টগ্রামে ১১০, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৮৯, বরিশালে ৬৮, খুলনায় ৫৬ ও রংপুরে ১৭ জনের মৃত্যু হয়েছে।
এফএ