Dhaka Mail Logo

হেলথ

পেশাদার চালকদের স্বাস্থ্য পরীক্ষায় সিআইপিআরপির ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক

২৭ অক্টোবর ২০২৬, ১১:৪৭ পিএম

সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে পেশাদার চালকদের স্বাস্থ্যঝুঁকি নির্ণয়ে চার দিনব্যাপী স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম শুরু করেছে সিআইপিআরপি। মঙ্গলবার (২৭ অক্টোবর) এ কার্যক্রমের উদ্বোধন করেন বিআরটিএ চেয়ারম্যান মোহাম্মদ হাবীবুর রহমান।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সার্বিক সহযোগিতায় সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ (সিআইপিআরবি) এ স্বাস্থ্য পরীক্ষার আয়োজন করেছে। বিআরটিএর ঢাকা মেট্রোর সার্কেল-১ ও সার্কেল-৪-এর আওতায় চার দিনব্যাপী এ ক্যাম্পে মোট ৮০০ জন পেশাদার মোটরযান চালকের স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

উদ্বোধনী বক্তব্যে বিআরটিএ চেয়ারম্যান মোহাম্মদ হাবীবুর রহমান বলেন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে বিভিন্ন রোগ শনাক্ত করা সম্ভব। কোনো অসুস্থতা চিহ্নিত হলে যথাযথ চিকিৎসা নিয়ে সুস্থ হওয়া যায়। একজন সুস্থ চালক ট্রাফিক আইন মেনে গাড়ি চালালে যাত্রীদের নিরাপদ সেবা দেওয়া সম্ভব, যা সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা করে দেশব্যাপী এ ধরনের স্বাস্থ্য ক্যাম্প পরিচালনার চেষ্টা চলছে। এ উদ্যোগ দেশের সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর অবদান রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। এ সময় উপস্থিত পেশাদার চালকদের সুস্থ থাকার পাশাপাশি ট্রাফিক আইন মেনে গাড়ি চালানোর পরামর্শ দেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সিআইপিআরবির নির্বাহী পরিচালক ড. আমিনুর রহমান বলেন, পেশাদার চালকেরা দেশের পরিবহন ব্যবস্থার চালিকাশক্তি। তাদের সুস্বাস্থ্য ও নিরাপদ কর্মপরিবেশ সড়ক নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে রোগ শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসা নেওয়া সম্ভব। চিকিৎসার মাধ্যমে সুস্থ থেকে একজন চালক দেশের যাতায়াতব্যবস্থায় অবদান রাখতে পারেন।

তিনি জানান, বিআরটিএর সহযোগিতায় আয়োজিত এ ক্যাম্পে চালকদের ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ পরিমাপ ও দৃষ্টিশক্তি পরীক্ষা করা হবে। এ সময় তিনি সব পেশাদার চালককে যথাযথ প্রক্রিয়ায় স্বাস্থ্য পরীক্ষায় অংশ নেওয়ার আহ্বান জানান।

সিআইপিআরবির উপনির্বাহী পরিচালক ও আরটিআই প্রিভেনশন অ্যান্ড রিসার্চ ইউনিটের পরিচালক ড. সেলিম মাহমুদ চৌধুরী বলেন, পেশাদার চালকদের স্বাস্থ্য পরীক্ষায় সিআইপিআরবির এ ধরনের উদ্যোগ এবারই প্রথম নয়। এর আগে ২০২২ ও ২০২৩ সালেও ঢাকার চারটি বড় বাসস্ট্যান্ড এবং তেজগাঁও ট্রাক টার্মিনালে এ ধরনের ক্যাম্প পরিচালনা করা হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও নিয়মিত এ কার্যক্রম চালিয়ে নেওয়া সম্ভব হবে। চালকেরা নিয়মিত স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা করিয়ে প্রয়োজনীয় চিকিৎসা নিলে নিজেরা সুস্থ থাকার পাশাপাশি নিরাপদে গাড়ি চালাতে পারবেন। এতে সড়ক দুর্ঘটনা কমাতেও ভূমিকা রাখা সম্ভব হবে।

ক্যাম্পের সার্বিক দায়িত্ব পালন করছেন সিআইপিআরবির রোড সেফটি প্রোগ্রামের ম্যানেজার কাজী বোরহান উদ্দিন। কার্যক্রম তদারকি করছেন সংস্থাটির মেডিক্যাল অফিসার ডা. সামিদ সিদ্দকী। তথ্য সংগ্রহের দায়িত্বে রয়েছেন সুপারভাইজার মো. সাইফুল ইসলাম। চালকদের দৃষ্টিশক্তি পরীক্ষা করছেন অপটোমেট্রিস্ট মো. মোসলেম উদ্দিন সোহাগ এবং ডায়াবেটিস ও রক্তচাপ পরীক্ষা করছেন মিডওয়াইফ সুমাইয়া আক্তার।

ক্যাম্প পরিচালনায় সার্বিক সহযোগিতা করছেন বিআরটিএর ঢাকা বিভাগের পরিচালক মো. মাসুদ আলম, ঢাকা মেট্রো সার্কেল-১-এর সহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল নোমান এবং লাইসেন্স নবায়ন শাখার সহকারী পরিচালক জিয়াউর রহমান ও তাঁর দলের সদস্যরা।

এম/ইএইচ