নিজস্ব প্রতিবেদক
২৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ পিএম
খুলনার সন্ধানী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক কমপ্লেক্সে হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন (বিপিএইচসিডিএ)।
একইসঙ্গে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছে সংগঠনটি।
রোববার (২৫ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে সংগঠনটির সভাপতি ডা. মো. মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল ও মহাসচিব ডা. এ এম শামীম এ দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, গত ২৪ অক্টোবর শনিবার রাতে সন্ধানী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক কমপ্লেক্সে হামলা ও ভাঙচুরের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এ ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে একটি তদন্ত কমিটি গঠন করে নিরপেক্ষ, স্বচ্ছ ও নির্ভুল তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করতে হবে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানায় সংগঠনটি।
বিপিএইচসিডিএর নেতারা বলেন, মব সৃষ্টি, আইন নিজের হাতে তুলে নেওয়া এবং জনতার মাধ্যমে বিচার করার সংস্কৃতি বন্ধ করতে হবে। একই সঙ্গে হাসপাতাল, চিকিৎসা সরঞ্জাম ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের অবকাঠামো রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।
তারা আরও বলেন, হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে বহিরাগতদের হামলার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তারা।
বিবৃতিতে বিপিএইচসিডিএ জানায়, রোগীর ন্যায়বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করার পাশাপাশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা ও মর্যাদাও সমানভাবে নিশ্চিত করতে হবে।
স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের মতো ঘটনা বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানায় সংগঠনটি।
প্রসঙ্গত, শনিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে মোটরসাইকেলে আসা সাত থেকে আটজন দুর্বৃত্ত ক্লিনিকের সামনে এলোপাতাড়ি গুলি ছোঁড়ে। পরে, তারা ক্লিনিকের ভেতর ঢুকে অধ্যাপক ডা. কুতুব উদ্দিন মল্লিকের চেম্বার ও রিসিপশনে ভাঙচুর চালায়।
এতে কেউ হতাহত না হলেও ক্লিনিকের রোগী, স্বজন ও কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ। তবে, এখনও পর্যন্ত কোন মামলা হয়নি।
এসএইচ/এএইচ