Dhaka Mail Logo

হেলথ

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর

নিজস্ব প্রতিবেদক

২৫ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পিএম

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে আরও পাঁচজন শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৩৫৬ জন।

এ নিয়ে চলতি বছরে হাম ও উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ২২৭ জন। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০৪ জন এবং হামের উপসর্গে ১ হাজার ১২৩ জন।

রোববার (২৫ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন বলছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মারা যাওয়া পাঁচজনের মধ্যে ঢাকা বিভাগের একজন, চট্টগ্রাম বিভাগের দুজন, সিলেট বিভাগের একজন এবং ময়মনসিংহ বিভাগের একজন রোগী রয়েছে।

একই সময়ে নতুন আক্রান্তদের মধ্যে নিশ্চিত হাম রোগী ৭৬ জন এবং হামের উপসর্গ রয়েছে ১ হাজার ২৮০ জনের শরীরে।

প্রতিবেদন আরও বলছে, গত ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত দেশে মোট হাম রোগীর সংখ্যা ২৩ হাজার ৪০০ জন। অন্যদিকে হামের উপসর্গ মিলেছে ২ লাখ ২১ হাজার ১৬৪ জনের শরীরে।

অন্যদিকে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৯৬ হাজার ৭০৩ জন। এর মধ্যে সুস্থ হয়ে ইতোমধ্যে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৮৮ হাজার ৬৭৪ জন।

এর আগে শনিবার (২৪ অক্টোবর) হাম উপসর্গে সারাদেশে আটজন শিশুর মৃত্যু হয়। এদিন আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৬৫ জন।

এএইচ