Dhaka Mail Logo

হেলথ

৫ শিশু হাসপাতাল চালু করতে ৭১৫টি পদ সৃজনের অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

২৩ অক্টোবর ২০২৬, ১২:০১ পিএম

সারাদেশে স্বাস্থ্য সেবা বিভাগের অধীনে ২০০ শয্যাবিশিষ্ট ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল চালু করতে ৭১৫টি পদ সৃজনের অনুমোদন দিয়েছে সরকার। শিশু হাসপাতালগুলো হলো– রাজশাহী, বরিশাল, রংপুর, কুমিল্লা ও খুলনা। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, পদগুলোর মধ্যে রয়েছে– উপপরিচালক পদে ৫টি, সহকারী পরিচালক পদে ৫টি, সিনিয়র কনসালটেন্ট পদে ১০০টি, জুনিয়র কনসালটেন্ট পদে ২০০টি ও আবাসিক চিকিৎসক পদে ১০টি পদ সৃজন করা হয়েছে। এছাড়া আবাসিক সার্জন পদে ১৫টি, আবাসিক মেডিক অফিসার পদে ৫টি, মেডিকেল অফিসার পদে ৩২৫টি পদ সৃজন করা হয়েছে। সেইসঙ্গে সহকারী ডেন্টাল সার্জন পদে ১০টি, ইর্মাজেন্সি মেডিকেল অফিসার পদে ২০টি ও এনাসথেস্টি পদে ২০টি পদ রাখা হয়েছে।

এদিকে পদ সৃজনের পর নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মতে, এ পদ সৃজনে জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ ও মন্ত্রিপরিষদ বিভাগের আরোপিত সকল শর্ত প্রযোজ্য হবে। যে সকল পদ নিয়োগবিধিতে নেই সে সকল পদ নিয়োগবিধিতে অন্তর্ভুক্ত করতে হবে। পদ সৃজনের প্রক্রিয়া সম্পন্ন হলে সংশ্লিষ্ট স্বাস্থ্য প্রতিষ্ঠানসমূহের সাংগঠনিক কাঠামো হালনাগাদ করে নিতে হবে।

মন্ত্রণালয় জানায়, বিদ্যমান টিওএন্ডই-তে নতুন সৃজিত পদ অন্তর্ভুক্তির পর পদগুলো স্থায়ী হিসেবে চিহ্নিত করে টিওএন্ডই হালনাগাদ করতে হবে এবং হালনাগাদকৃত টিওএন্ডই-এর এক কপি অর্থ বিভাগে প্রেরণ করতে হবে। উল্লিখিত কর্মকর্তাদের যাবতীয় ব্যয়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কোড হতে মিটানো হবে।

এদিকে গত জুনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের পাঁচ বিভাগে একটি করে ২০০ শয্যাবিশিষ্ট শিশু হাসপাতাল চালু হচ্ছে। শীতাতপ নিয়ন্ত্রিত এসব হাসপাতালে নিবিড় পরিচর্যাকেন্দ্রের (আইসিইউ) ব্যবস্থাও থাকবে।

তিনি আরও বলেন, এই পাঁচটি হাসপাতালের জন্য প্রয়োজনীয় ফার্নিচার ও যন্ত্রপাতির টেন্ডার ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। প্রতিটি হাসপাতালে এক হাজার ৪৭৫ জন করে জনবল প্রয়োজন। পূর্ণ জনবল বরাদ্দ করার জন্য ইতোমধ্যেই প্রধানমন্ত্রী জনপ্রশাসন মন্ত্রীকে নির্দেশনা দিয়েছেন।

হাসপাতালের সুযোগ-সুবিধা নিয়ে সাখাওয়াত হোসেন জানান, প্রতিটি শিশু হাসপাতালে আইসিইউ থাকবে। সেন্ট্রালি এয়ার কন্ডিশন ব্যবস্থা থাকবে। একটি করে আইসিইউ থাকবে এবং ভবিষ্যতে বেড বাড়ানোর পরিসরও রাখা হবে। আইসিইউর জন্য একটি বড় স্পেস রাখা হবে।

এসএইচ/এআরএম