Dhaka Mail Logo

হেলথ

‘শুধু অক্টোবর নয়, সারা বছরই ব্রেস্ট ক্যানসারের সচেতনতা চালাতে হবে’

নিজস্ব প্রতিবেদক

১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ পিএম

স্তন ক্যানসারসহ অন্যান্য অসংক্রামক রোগ প্রতিরোধ ও চিকিৎসায় প্রাথমিক স্ক্রিনিং এবং সচেতনতামূলক কার্যক্রম কেবল অক্টোবর মাসে সীমাবদ্ধ না রেখে সারা বছরব্যাপী পরিচালনার ওপর বিশেষ জোর দিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।

রোববার (১৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ‘ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস-২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি ক্যানসার চিকিৎসায় জোর দেওয়ার আহ্বান জানান।

ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, এক সময় দেশে নানা ধরনের সংক্রামক ব্যাধিতে প্রচুর মানুষ মারা গেলেও বর্তমানে মোট মৃত্যুর ৭১ থেকে ৭৩ শতাংশের জন্যই দায়ী অসংক্রামক রোগ। এর মধ্যে কার্ডিওভাসকুলার ডিজিজ, ডায়াবেটিস, সড়ক দুর্ঘটনা এবং ক্যানসার অন্যতম।

তিনি জানান, দেশে প্রতি এক লাখ নারীর মধ্যে ১৫ জনের স্তন ক্যানসার শনাক্ত হয় এবং আক্রান্ত নারীদের প্রায় ৬৩ শতাংশই কোনো ধরনের স্ক্রিনিংয়ের আওতায় আসেন না। ফলে রোগটি অনেক সময় দেরিতে ধরা পড়ে।

বর্তমান সরকারের স্বাস্থ্যখাতকে দেওয়া অগ্রাধিকারের কথা তুলে ধরে ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, প্রধানমন্ত্রী স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বাজেটের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছেন। প্রাথমিক স্বাস্থ্যসেবাকে শক্তিশালী করতে এবং দেশের প্রতিটি প্রান্তে একই রকম অবকাঠামো তৈরি করতে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানান তিনি।

অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাছির উদ্দীন, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এসএইচ/এসআই