Dhaka Mail Logo

হেলথ

বিএমইউতে লিভার ক্যানসার ক্লিনিক চালু, মিলবে সমন্বিত চিকিৎসাসেবা

নিজস্ব প্রতিবেদক

১৬ অক্টোবর ২০২৬, ১১:৫৫ এএম

লিভার ক্যানসারে আক্রান্ত রোগীদের আধুনিক, সমন্বিত ও বিশেষায়িত চিকিৎসাসেবা নিশ্চিত করতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) চালু হয়েছে বিশেষায়িত লিভার ক্যানসার ক্লিনিক। বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের উদ্যোগে এবং বিএমইউ হেপাটোলজি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহযোগিতায় ক্লিনিকটি চালু করা হয়েছে। ছয়টিরও বেশি বিভাগের বিশেষজ্ঞদের সমন্বয়ে পরিচালিত এ ক্লিনিকে রোগ নির্ণয়, ক্যানসারের পর্যায় নির্ধারণ, উপযুক্ত চিকিৎসাপদ্ধতি নির্বাচন এবং চিকিৎসার অগ্রগতি পর্যবেক্ষণ করা হবে। এর মাধ্যমে রোগীরা একই ব্যবস্থার আওতায় বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞদের সমন্বিত চিকিৎসাসেবা পাবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্লিনিকটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএমইউর ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. এফ. এম. সিদ্দিকী। এ উপলক্ষে লিভার ক্যানসার সচেতনতা মাস উপলক্ষে একটি বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অধ্যাপক ডা. এফ. এম. সিদ্দিকী বলেন, লিভার ক্যানসার বর্তমানে একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা। এ রোগ প্রতিরোধ, ঝুঁকিপূর্ণ রোগীদের নিয়মিত পর্যবেক্ষণ, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ এবং সময়োপযোগী চিকিৎসা নিশ্চিত করা গেলে চিকিৎসার ফলাফল উন্নত করা সম্ভব।

তিনি বলেন, লিভার ক্যানসারের চিকিৎসায় আধুনিক বৈজ্ঞানিক জ্ঞান, গবেষণা এবং বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞদের সমন্বিত অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএমইউ চিকিৎসাশিক্ষা, গবেষণা ও বিশেষায়িত চিকিৎসাসেবার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। হেপাটোলজি বিভাগে লিভার ক্যানসার ক্লিনিক চালু একটি প্রশংসনীয় উদ্যোগ। এ ধরনের উদ্যোগ দেশে লিভার ক্যানসারের চিকিৎসার মানোন্নয়ন এবং গবেষণার নতুন সুযোগ সৃষ্টি করবে।

হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. শাহিনুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. নূরুদ্দীন আহমদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এস. কে. এম. নাজমুল হাসান।

বৈজ্ঞানিক সেমিনারে লিভার ক্যানসারের আধুনিক চিকিৎসাপদ্ধতি নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন বিএমইউর ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ আকরাম হোসেন, রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের অধ্যাপক ডা. বিশ্বজিৎ ভৌমিক এবং এনাম মেডিকেল কলেজের হেপাটোবিলিয়ারি সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. আসাদুজ্জামান নূর।

সেমিনারে লিভার ক্যানসারের চিকিৎসায় লোকোরিজিওনাল থেরাপি, স্টেরিওট্যাকটিক বডি রেডিওথেরাপি (এসবিআরটি), সার্জিক্যাল রিসেকশন এবং লিভার ট্রান্সপ্লান্টেশনের আধুনিক প্রয়োগ ও সাম্প্রতিক অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানের বিশেষ অধিবেশনে লিভার ক্যানসারের রেজিস্ট্রির অগ্রগতিও তুলে ধরা হয়। এ সময় রোগীদের জন্য বিশেষায়িত চিকিৎসাসেবা সম্প্রসারণের পাশাপাশি দেশে লিভার ক্যানসারের প্রকৃত চিত্র, ঝুঁকির ধরন ও চিকিৎসার ফলাফল সম্পর্কে তথ্যভিত্তিক গবেষণার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

হেপাটোলজি বিভাগের উদ্যোগে গত আগস্ট থেকে ক্লিনিকটি পরীক্ষামূলকভাবে পরিচালিত হয়ে আসছে। আজকের অনুষ্ঠানের মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো। সংশ্লিষ্টদের আশা, এ ক্লিনিকের মাধ্যমে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞদের সমন্বয়ে লিভার ক্যানসার রোগীদের চিকিৎসাসেবা আরও সুসংগঠিত ও কার্যকর হবে।

অনুষ্ঠানে অধ্যাপক ডা. বিধান চন্দ্র দাস, অধ্যাপক ডা. মো. গোলাম আযম, অধ্যাপক ডা. এবিএম শাকিল গনি, অধ্যাপক ডা. আব্দুল্লাহ আল ফারুক, অধ্যাপক ডা. আব্দুল্লাহ আল মাহমুদ, অধ্যাপক ডা. মো. ফজল করিম, অধ্যাপক ডা. মো. মোহছেন চৌধুরী, সহযোগী অধ্যাপক ডা. মো. খালেকুজ্জামান, ডা. সাইফ উদ্দিন নিসার আহমেদ ও ডা. মো. সাইফুল ইসলাম এলিনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, চিকিৎসক ও রেসিডেন্টরা উপস্থিত ছিলেন।

এসএইচ/এসআই