নিজস্ব প্রতিবেদক
১৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ পিএম
আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ১৩তম ব্যাচের নবীন ইন্টার্ন চিকিৎসকদের শপথ গ্রহণ ও দিকনির্দেশনামূলক অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে আয়োজিত এ অনুষ্ঠানে চিকিৎসকদের পেশাগত নৈতিকতা, দায়িত্বশীলতা, শৃঙ্খলা ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
অনুষ্ঠানের শুরুতে ডা. শাহনাজ আক্তার নবীন ইন্টার্ন চিকিৎসকদের পরিচয় করিয়ে দেন এবং তাঁদের শপথ পাঠ পরিচালনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ডা. শেখ মহিউদ্দিন বলেন, মানুষের সেবা করার সুযোগ একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। আল্লাহর সৃষ্টির সেবা করার মাধ্যমে তাঁর সন্তুষ্টি অর্জনের সুযোগ রয়েছে। তাই চিকিৎসকদের সর্বোচ্চ আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
বিশেষ অতিথি অধ্যাপক ডা. মো. আফিকুর রহমানও অনুষ্ঠানে বক্তব্য দেন। এ সময় আদ-দ্বীন ফাউন্ডেশনের হাসপাতাল ও নার্সিং প্রতিষ্ঠানসমূহের মহাপরিচালক অধ্যাপক ডা. নাহিদ ইয়াসমিন নবীন চিকিৎসকদের হাসপাতালের নিয়মকানুন, পেশাগত আচরণ ও দায়িত্ব সম্পর্কে দিকনির্দেশনা দেন। বিভিন্ন বিভাগের প্রধানরাও বক্তব্য দেন। তাঁরা চিকিৎসাসেবায় পেশাগত দক্ষতা, শৃঙ্খলা, রোগীদের প্রতি সহানুভূতি এবং সেবার মান বজায় রাখার ওপর গুরুত্ব দেন।
প্রধান অতিথির বক্তব্যে আদ-দ্বীন মেডিকেল কলেজের সিনিয়র উপদেষ্টা ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. মো. হারুন আল রশীদ বলেন, আদ-দ্বীন মেডিকেল কলেজের সুনাম ও ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে নবীন চিকিৎসকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি তাঁদের সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে চিকিৎসাসেবা দেওয়ার আহ্বান জানান।
প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডিরেক্টর প্রফেসর জামালুন্নেসা নবীন চিকিৎসকদের উদ্দেশে বলেন, মানুষের সেবা করার ব্যাপক সুযোগ তাঁদের সামনে রয়েছে। দক্ষতা, কর্মনিষ্ঠা ও মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে তাঁরা বাংলাদেশ ও আদ-দ্বীনের সুনাম আরও সমুন্নত রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে আদ-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আবদুস সবুর চিকিৎসাসেবার গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি রোগীদের মানসম্মত সেবা দিতে প্রাতিষ্ঠানিক নীতিমালা অনুসরণ এবং চিকিৎসাসেবার মান অক্ষুণ্ন রাখার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
অনুষ্ঠানে নবীন চিকিৎসকদের দক্ষ, দায়িত্বশীল ও মানবিক চিকিৎসক হিসেবে গড়ে ওঠার পাশাপাশি পেশাগত নৈতিকতা মেনে রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ এবং মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
জেবি