নিজস্ব প্রতিবেদক
০৮ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পিএম
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ১৪৪ জনের মৃত্যু হয়েছে।
এ ছাড়া গত এক দিনে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪২৮ জন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত এক দিনে সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে।
এ ছাড়া ঢাকা ও খুলনা বিভাগে হামের উপসর্গে একজন করে আরও দুজনের মৃত্যু হয়েছে।
সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ১৪৪ জনের মৃত্যু হয়েছে।
এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৪০ জনের মৃত্যু হয়েছে।
এদিকে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ৮ অক্টোবর পর্যন্ত ২ লাখ ১ হাজার ৬২৫ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। একই সময়ে মোট ২২ হাজার ১১৬ জনের হাম শনাক্ত হয়েছে।
অন্যদিকে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশের হাসপাতালগুলোতে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৭৮ হাজার ৯২৭ জন ভর্তি হয়েছেন।
তাদের মধ্যে এখন পর্যন্ত ১ লাখ ৭১ হাজার ৬৮০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
এএম