Dhaka Mail Logo

হেলথ

মেডিকেলে শিক্ষক সংকট: অবসরপ্রাপ্তদের চুক্তিভিত্তিক নিয়োগের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ এএম

দেশের সরকারি মেডিকেল কলেজগুলোতে শিক্ষক সংকট দূর করতে উদ্যোগ নিয়েছে সরকার। কমিউনিটি মেডিসিন, ফরেনসিক মেডিসিনসহ বেসিক সাবজেক্টসমূহের শিক্ষক ঘাটতি মেটাতে অবসরপ্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক ও চিকিৎসকদের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার বিষয়ে দ্রুত প্রস্তাব প্রেরণের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

গত ১৩ সেপ্টেম্বর মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ শাখার উপসচিব দূর-রে-শাহ্ওয়াজ স্বাক্ষরিত এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর পাঠানো চিঠিতে বলা হয়েছে, গত ১৭ আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত ‘স্বাস্থ্য সেবার মান উন্নয়ন বিষয়ক সভার’ কার্যবিবরণী অনুযায়ী এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, গৃহীত সিদ্ধান্তের আলোকে মেডিকেল কলেজসমূহে কমিউনিটি মেডিসিন ও ফরেনসিক মেডিসিনসহ বেসিক সাবজেক্টসমূহে শিক্ষক সংকট নিরসনে অবসরপ্রাপ্ত শিক্ষক ও চিকিৎসকগণকে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদানের নিমিত্তে যাচাই-বাছাইপূর্বক আগামী তিন কার্যদিবসের মধ্যে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে প্রস্তাব প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এই সিদ্ধান্তের বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত।

এসএইচ/এএস