Dhaka Mail Logo

হেলথ

ডেঙ্গুতে নতুন আক্রান্ত ৭৪৭, রোগীর সংখ্যা ষাট হাজার ছুঁইছুঁই

নিজস্ব প্রতিবেদক

১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু জ্বর নিয়ে ৭৪৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে ডেঙ্গু আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গু বিষয়ক বুলেটিনে এসব তথ্য জানানো হয়।

অধিদফতর জানায়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার হাসপাতালগুলোতে ৬১ জন ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার হাসপাতালগুলোতে ভর্তি হন ৪০ জন।

আরও পড়ুন: হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

আর দুই সিটির বাইরে ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ভর্তি হয়েছেন ২১৬ জন। এছাড়া অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ২৫ জন, চট্টগ্রামে ১৮০ জন, খুলনায় ৮১ জন, ময়মনসিংহে ৯২ জন এবং রংপুরে ৫২ জন ভর্তি হয়েছেন।

চলতি বছরের ডেঙ্গু রোগীর সংখ্যা ষাট হাজার ছুঁইছুঁই

অধিদফতরের বুলেটিন অনুযায়ী, চলতি বছর ৫৯ হাজার ১৪৭ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৫৪ হাজার ৮৩৮ জন হাসপাতাল ছেড়ে গেছে। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় ৭৪৬ জন ডেঙ্গুর চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।

আরও পড়ুন: ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের পাশে চান স্বাস্থ্য প্রতিমন্ত্রী

গত ২৪ ঘণ্টায় কোনো ডেঙ্গু রোগীর মৃত্যু না হলেও আগের ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে।

ডেঙ্গুতে মৃত্যুর পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত ১৭৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে মারা গেছেন ৮৪ জন।

এ ছাড়া খুলনা বিভাগে ৩২, ময়মনসিংহ বিভাগে ১৮, চট্টগ্রাম বিভাগে ১৬, বরিশাল বিভাগে ১৩, রাজশাহী বিভাগে ৮, রংপুর বিভাগে ৪ এবং সিলেট বিভাগে একজন মারা গেছেন।

আরও পড়ুন: ‘দেশের চিকিৎসাব্যবস্থা ভালো হওয়ায় বিদেশ যাওয়ার প্রবণতা কমেছে’

পরিসংখ্যান বলছে, কেবল চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ১৮ দিনেই প্রাণ গেছে ৭৯ জনের; যা মাসের হিসাবে চলতি বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে, গত আগস্টে ডেঙ্গুতে মারা যান ৪৩ জন এবং জুলাইয়ে দেশে ডেঙ্গুতে ৩৬ জনের মৃত্যু হয়।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, বিগত বছর ডেঙ্গুতে চার শতাধিক মানুষের মৃত্যু হয়। সেবছর ডেঙ্গু শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের মতো।

তবে ২০২৩ সালে ডেঙ্গু রোগে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ওই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।

এএম