Dhaka Mail Logo

হেলথ

‘দেশের চিকিৎসাব্যবস্থা ভালো হওয়ায় বিদেশ যাওয়ার প্রবণতা কমেছে’

নিজস্ব প্রতিবেদক

১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ পিএম

দেশের চিকিৎসা ব্যবস্থা ভালো হওয়ায় চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রবণতা কমেছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসাইন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে কার্ডিয়াক সার্জারি বিভাগের ৪৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত কার্ডিওভাসকুলার সার্জিক্যাল কনফারেন্সে এ কথা বলেন তিনি।

সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ হোসেন বলেন, হৃদ্‌রোগের চিকিৎসায় দেশেই এখন অনেক আধুনিক সুযোগ-সুবিধা তৈরি হয়েছে। তবে চিকিৎসক ও সার্জনদের সক্ষমতা কাজে লাগাতে প্রয়োজন ভিশনারি প্ল্যানিং।

হৃদরোগের প্রকোপ বাড়লেও এখন হার্টের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন হচ্ছে না বলে জানান তিনি।

দেশে পর্যাপ্ত সার্জন ও অধ্যাপক থাকলেও তাদের দক্ষতা কাজে লাগিয়ে চিকিৎসাসেবার আউটপুট বাড়াতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার ওপর গুরুত্ব দেন মন্ত্রী। পাশাপাশি স্বাস্থ্য ও শিক্ষা খাতে সরকারের বরাদ্দের যথাযথ ব্যবহার এবং রোগীর প্রয়োজনের মুহূর্তে দ্রুত সেবা নিশ্চিত করার তাগিদ দেন তিনি।

হাসপাতালে ২৪ ঘণ্টা সার্ভিস নিশ্চিত করতে হবে জানিয়ে মন্ত্রী ডা. জাহিদ হোসেন বলেন, ইমার্জেন্সি সার্ভিস ২৪/৭ চালু রাখতে হবে, যেখানে রোগী ভর্তির ২ ঘণ্টার মধ্যে ওয়ার্কআপ এবং ৬ ঘণ্টার মধ্যে চিকিৎসার সিদ্ধান্ত নেয়া হবে।

এসএইচ/এআরএম