তথ্যপ্রযুক্তি ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ এএম
আইফোনে স্টোরেজ পূর্ন হয়ে যাওয়া এখন অনেকের কাছেই পরিচিত সমস্যা। উন্নত ক্যামেরা, গেমিং, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং একাধিক শক্তিশালী ফিচারের কারণে ফোনে ছবি ও ভিডিওর পরিমাণ দ্রুত বাড়ছে। ফলে বেশি স্টোরেজের আইফোনের চাহিদাও বেড়েছে।
বিশেষ করে ছবি ও ভিডিও যদি আইফোনের মোট স্টোরেজের বড় অংশ দখল করে নেয়, তাহলে নতুন অ্যাপ ইনস্টল করা বা প্রয়োজনীয় ফাইল সংরক্ষণ করতে সমস্যা হতে পারে। স্টোরেজ খালি করার সবচেয়ে সহজ উপায় ছবি মুছে ফেলা হলেও, প্রিয় স্মৃতি নষ্ট না করেও আইফোনের স্টোরেজ ম্যানেজ করা সম্ভব। জেনে নিন কয়েকটি সহজ উপায়।
প্রথমে দেখুন কোন জিনিস কতটা স্টোরেজ নিচ্ছে
স্টোরেজ খালি করার আগে আপনার আইফোনে কোন অ্যাপ বা ফাইল সবচেয়ে বেশি জায়গা দখল করে রয়েছে, তা দেখে নেওয়া জরুরি। এর জন্য-
১. সেটিংস খুলুন।
২. জেনারেল-এ যান।
৩. আইফোন স্টোরেজ-এ ট্যাপ করুন।
৪. কোন অ্যাপ, ছবি, ভিডিও বা অন্যান্য ডেটা কতটা জায়গা নিচ্ছে, তা দেখে নিন।
এই তালিকা দেখলেই বোঝা যাবে কোথায় বেশি স্টোরেজ ব্যবহার হচ্ছে। ছবি ও ভিডিয়ো সবচেয়ে বেশি জায়গা নিলে ফটো লাইব্রেরি অপ্টিমাইজ করা যেতে পারে।
আইক্লাউড ফটোস ব্যবহার করুন
ছবি মুছে না ফেলেই আইফোনের স্টোরেজ বাঁচানোর সবচেয়ে কার্যকর উপায়গুলোর একটি হল আইক্লাউড ফটোস ব্যবহার করা। এতে আসল, পূর্ণ রেজোলিউশনের ছবি ও ভিডিও আইক্লাউডে সংরক্ষিত থাকবে, আর আইফোনে প্রয়োজন অনুযায়ী কম জায়গা নেওয়া সংস্করণ রাখা যাবে। চালু করার পদ্ধতি:
১. সেটিংস খুলে উপরে নিজের নামে ট্যাপ করুন।
২. আইক্লাউড-এ যান।
৩. ফটোস নির্বাচন করুন।
৪. সিঙ্ক দিস আইফোন চালু করুন।
৫. অপ্টিমাইজ আইফোন স্টোরেজ নির্বাচন করুন।
এর ফলে ফোনে জায়গা কম থাকলে আইফোন স্বয়ংক্রিয়ভাবে স্টোরেজ-সাশ্রয়ী সংস্করণ রাখতে পারে। প্রয়োজন হলে আইক্লাউড থেকে আসল উচ্চমানের ছবি ডাউনলোড করা যাবে। তবে মনে রাখতে হবে, আইক্লাউড স্টোরেজ এবং আইফোনের নিজস্ব স্টোরেজ আলাদা। একটি অ্যাপল অ্যাকাউন্টে ৫ জিবি বিনামূল্যে আইক্লাউড স্টোরেজ পাওয়া যায়। বেশি জায়গার প্রয়োজন হলে আইক্লাউড প্লাসের অতিরিক্ত স্টোরেজ প্ল্যান নিতে হবে। আইক্লাউডে কতটা জায়গা ব্যবহার হয়েছে তা দেখতে সেটিংস > নিজের নাম > আইক্লাউড-এ গিয়ে স্টোরেজ বার পরীক্ষা করুন।

ডুপ্লিকেট ছবি মুছে জায়গা বাঁচান
সোশ্যাল মিডিয়া থেকে ডাউনলোড, এয়ারড্রপ কিংবা একাধিকবার ছবি সেভ করার কারণে আইফোনে একই ছবি বা ভিডিওর একাধিক কপি জমে যেতে পারে। আইফোনের ফটোস অ্যাপ নিজেই এই ধরনের ডুপ্লিকেট ছবি ও ভিডিয়ো শনাক্ত করতে পারে। দেখার পদ্ধতি-
১. ফটোস অ্যাপ খুলুন।
২. কালেকশনস-এ ট্যাপ করুন।
৩. নিচে গিয়ে ইউটিলিটিজ নির্বাচন করুন।
৪. ডুপ্লিকেটস-এ যান।
৫. ডুপ্লিকেট ছবি ও ভিডিওগুলো পর্যালোচনা করুন।
৬. প্রয়োজন অনুযায়ী মার্জ করুন।
একই ছবির অপ্রয়োজনীয় একাধিক কপি সরিয়ে দিলে মূল ছবির স্মৃতি নষ্ট না করেই স্টোরেজ খালি করা সম্ভব।
আরও পড়ুন: স্যামসাংয়ের কমদামের এই ফোনে পাবেন ৫০ মেগাপিক্সেল ক্যামেরা
ব্যবহার না করা অ্যাপ অফলোড করুন
অনেক সময় এমন অ্যাপ আইফোনে ইনস্টল করা থাকে যেগুলো মাসের পর মাস ব্যবহার করা হয় না। সেই অ্যাপ পুরোপুরি ডিলিট না করেও জায়গা খালি করা যায়। অফলোড অ্যাপ ফিচার ব্যবহার করলে অ্যাপটি সরিয়ে দেওয়া হয়, কিন্তু তার গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ও ডেটা রাখা থাকে। হোম স্ক্রিনে অ্যাপের আইকন থেকে যায় এবং পরে প্রয়োজন হলে সেটিতে ট্যাপ করে অ্যাপটি আবার ইনস্টল করা যায়। কোন অ্যাপ কতটা জায়গা নিচ্ছে তা দেখতে যান-
সেটিংস > জেনারেল > আইফোন স্টোরেজ
সেখান থেকে বেশি জায়গা নেওয়া অ্যাপসগুলো চিহ্নিত করে অপ্রয়োজনীয় অ্যাপ অফলোড করতে পারেন।
অপ্রয়োজনীয় ফাইল সরিয়ে ফেলুন
আইফোনে এমন অনেক ডকুমেন্ট, ডাউনলোড এবং অন্যান্য ফাইল জমে থাকতে পারে যেগুলোর আর প্রয়োজন নেই। আইফোন স্টোরেজ পেজে গিয়ে উপরের দিকে থাকা বিভিন্ন সুপারিশও দেখে নিতে পারেন। বিশেষ করে বড় ভিডিও, পুরনো ডাউনলোড এবং অপ্রয়োজনীয় ডকুমেন্ট মুছে দিলে দ্রুত কিছুটা জায়গা খালি হতে পারে।
ছবি কম্পিউটার বা এক্সটার্নাল হার্ডডিস্কে রাখুন
আপনার ফটো লাইব্রেরি যদি খুব বড় হয় এবং আইক্লাউডের অতিরিক্ত স্টোরেজের জন্য টাকা খরচ করতে না চান, তাহলে ছবি ও ভিডিয়ো কম্পিউটার বা এক্সটার্নাল হার্ডডিস্কে সরিয়ে রাখতে পারেন। আইফোনকে ম্যাক বা উইন্ডোজ কম্পিউটারের সঙ্গে সংযোগ করে প্রয়োজনীয় ছবি ও ভিডিয়ো কপি করে রাখুন। নিশ্চিত হওয়ার পর ফোন থেকে সেই ফাইলগুলি সরিয়ে দিলে উল্লেখযোগ্য পরিমাণ স্টোরেজ খালি হতে পারে।
হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের বড় ফাইল দেখুন
অনেক সময় ছবি বা ভিডিয়োর চেয়েও বেশি জায়গা দখল করে থাকে মেসেজিং অ্যাপের মিডিয়া ফাইল। হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামের পুরনো চ্যাটে থাকা বড় ভিডিয়ো, ছবি ও অন্যান্য অ্যাটাচমেন্ট পরীক্ষা করে অপ্রয়োজনীয় ফাইল মুছে ফেলতে পারেন। বিশেষ করে দীর্ঘদিনের গ্রুপ চ্যাটে জমে থাকা ভিডিও এবং ছবি স্টোরেজের উপর বড় চাপ তৈরি করতে পারে।
নিয়মিত স্টোরেজ পরীক্ষা করুন
আইফোনে যদি বারবার ‘আইফোন স্টোরেজ প্রায় পূর্ণ’ ধরনের সতর্কবার্তা আসে, তাহলে শুধু ছবি মুছে সমস্যার সমাধান করার চেষ্টা না করে নিয়মিত স্টোরেজ ব্রেকডাউন পরীক্ষা করুন। অপ্রয়োজনীয় অ্যাপ অফলোড, ডুপ্লিকেট ছবি সরানো, বড় ফাইল ম্যানেজ করা এবং আইক্লাউড ফটোসের অপ্টিমাইজ আইফোন স্টোরেজ ফিচার ব্যবহার করলে প্রিয় ছবি ও ভিডিয়ো রেখে দিয়েই আইফোনে যথেষ্ট জায়গা খালি রাখা সম্ভব।
এজেড