নিজস্ব প্রতিবেদক
১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ পিএম
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভিন্ন হাসপাতালে নতুন করে ১ হাজার ৫৯৩ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৫৯ জন, চট্টগ্রাম বিভাগে ১৬৫, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরে ৩৮৩, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭২, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩২, খুলনা বিভাগে ২৯০, ময়মনসিংহ বিভাগে ৮২, রাজশাহী বিভাগে ১৩৭, রংপুর বিভাগে ৬৫ এবং সিলেট বিভাগে ৯ জন রয়েছেন।
চলতি বছরের ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৫৫ হাজার ১৬৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ৫০ হাজার ৯৪১ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৫৬৬ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন।
চলতি বছরে ডেঙ্গুতে মোট ১৬৪ জনের মৃত্যু হয়েছে।
২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট ১ লাখ ২ হাজার ৮৬১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এ সময়ে মৃত্যু হয় ৪১৩ জনের।
২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ লাখ ১ হাজার ২১৪ জন। মৃত্যু হয় ৫৭৫ জনের। ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। ওই বছর মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের।
এআর