নিজস্ব প্রতিবেদক
১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পিএম
ডেঙ্গু রোধে আগামীকাল শনিবার থেকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশব্যাপী অভিযান শুরু হচ্ছে। অভিযান উপলক্ষ্যে দেশের সর্বত্র জনসচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) গণমাধ্যমে দেওয়া এক বার্তায় এই নির্দেশনার কথা জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, শনিবার সকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তার নেতৃত্বে স্বাস্থ্য ও স্থানীয় সরকার এবং তথ্য মন্ত্রণালয় একযোগ দেশব্যাপী কার্যক্রম পরিচালনা করবে।
তিনি বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার বংশবিস্তার রোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালতসহ আশপাশের এলাকায় কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে নিয়মিত নজর দিতে হবে।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সচেতনতা ও সম্মিলিত অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এডিস মশার প্রজননস্থল ধ্বংস, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।’
তিনি বলেন, ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে কোনো ধরনের অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট দপ্তর, প্রতিষ্ঠান ও স্থানীয় প্রশাসনকে সমন্বিতভাবে পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান তিনি।
এসএইচ/এএম