নিজস্ব প্রতিবেদক
১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ পিএম
দেশে গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া এই সময়ে ডেঙ্গু নিয়ে নতুন করে ৭৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে চলতি বছর এ পর্যন্ত মোট ডেঙ্গু রোগীর মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৪১ জনে। আর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ হাজার ২২০ জনে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গু-বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদফতর বলছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশনে ডেঙ্গুতে একজন মারা গেছেন। পাশাপাশি এই সময়ে চট্টগ্রাম বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের প্রাণহানি হয়েছে। নিহতদের মধ্যে ১ জন পুরুষ এবং ১ জন নারী রয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ৭২ জন মারা গেছেন। এ ছাড়া উল্লেখিত সময়ে খুলনা বিভাগে ২৫ জন ছাড়াও ময়মনসিংহ বিভাগে ১৪, বরিশাল বিভাগে ১২, চট্টগ্রাম বিভাগে ১০ জন, রাজশাহী বিভাগে ৬ জন এবং রংপুর ও সিলেট বিভাগে ডেঙ্গুতে একজন করে মোট ২ জনের মৃত্যু হয়েছে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি (২৪৯ জন) ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। পাশাপাশি এই সময়ে চট্টগ্রাম বিভাগে ১৯৬ জন ছাড়াও ময়মনসিংহ বিভাগে ৭৩, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬২, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬১, খুলনা বিভাগে ৬০, রংপুর বিভাগে ৩৮, রাজশাহী বিভাগে ৩৩ ও বরিশাল বিভাগে ডেঙ্গু নিয়ে ১৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
অধিদফতরের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া আক্রান্তদের মধ্যে পুরুষের হার ৬৫ দশমিক ৭ শতাংশ এবং নারী ৩৪ দশমিক ৩ শতাংশ। আর মোট শনাক্ত আক্রান্তদের মধ্যে ৬২ দশমিক ৪ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৬ শতাংশ নারী হলেও মোট মৃত্যুর ক্ষেত্রে নারীদের হার বেশি, যা ৫২ দশমিক ১ শতাংশ।
প্রতিবেদন আরও বলছে, চলতি বছর এখন পর্যন্ত ছাড়পত্র পেয়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৫ হাজার ৬৪৫ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৩ হাজার ৪৩৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
এএম