নিজস্ব প্রতিবেদক
০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ পিএম
দেশে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা শতক পূর্ণ করল। গত ২৪ ঘণ্টায় সংক্রামক এ রোগ সারাদেশে একজন শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে মৃত্যু ১০০-তে দাঁড়াল।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন আরও জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মারা গেছে তিনজন শিশু। এই সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ৯১৭ জন।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত সারাদেশে হাম ও উপসর্গে মোট ৯৯১ জন শিশুর প্রাণহানি হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে মারা গেছে ৮৯১ জন।
প্রতিবেদন আরও বলছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৭৪ জন এবং সন্দেজনক হাম রোগী ৮৪৩ জন। এ নিয়ে এ পর্যন্ত মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৩ হাজার ১০৫ জনে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশের হাসপাতালে মোট ১ লাখ ৪৩ হাজার ২১৪ জন রোগী হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৩৭ হাজার ৯২১ জন।
এএইচ