নিজস্ব প্রতিবেদক
৩১ আগস্ট ২০২৬, ১০:৩৫ পিএম
রাজধানীর মাদানী অ্যাভিনিউর ইউনাইটেড সিটিতে অবস্থিত ইউনাইটেড হেলথকেয়ার সফলভাবে বাংলাদেশের প্রথম রোবোটিক সার্জারি সম্পন্ন করে দেশের চিকিৎসাখাতে একটি ঐতিহাসিক মাইলফলক স্থাপন করেছে। এআই নির্ভর রোবোটিক সার্জিকাল প্রযুক্তির সংযোজনের ফলে বড় কোনো কাটাছেঁড়া ছাড়াই আরও নিয়ন্ত্রিত অস্ত্রোপচার, কম রক্তক্ষরণ, অস্ত্রোপচার-পরবর্তী কম ব্যথা এবং দ্রুত সুস্থ হয়ে ওঠার সুযোগ তৈরি হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) অধ্যাপক ডা. রফিকুস সালেহীন পিত্তথলিতে পাথরে আক্রান্ত ৩৪ বছর বয়সী একজন পুরুষ রোগীর ওপর সফল রোবোটিক কোলেসিস্টেকটমি করেন। অন্যদিকে অধ্যাপক ডা. সামছাদ জাহান (শেলী) জরায়ু থেকে অতিরিক্ত রক্তক্ষরণে আক্রান্ত ৪৫ বছর বয়সী নারীর ওপর সফল রোবোটিক হিস্টেরেকটমি সম্পন্ন করেন। অত্যাধুনিক Medbot Toumai Endoscopic Surgical Robot-এর সহায়তায় এবং বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল টিমের সহযোগিতায় এই দুটি সার্জারি সম্পন্ন করা হয়।
সার্জারির সময় রোবোটিক সিস্টেমের মাধ্যমে চিকিৎসকরা থ্রিডিতে শরীরের ভেতরে স্পষ্টভাবে দেখতে পারেন এবং রোবোটিক আর্ম ৩৬০-ডিগ্রি পর্যন্ত ঘুরিয়ে খুব সংকীর্ণ ও জটিল স্থানেও নিখুঁতভাবে কাজ করতে পারেন। ফলে আক্রান্তস্থলে আরও সহজে পৌঁছানো, আশপাশের টিস্যুর ক্ষতি কমানো এবং রোগীর দ্রুত সুস্থ হয়ে ওঠার সুযোগ তৈরি হয়।
এই ঐতিহাসিক অর্জন সম্পর্কে অধ্যাপক ডা. রফিকুস সালেহীন বলেন, রোবোটিক সার্জারি আধুনিক চিকিৎসাবিজ্ঞানের একটি অত্যাধুনিক প্রযুক্তি, যেখানে প্রযুক্তির সমন্বয়ে চিকিৎসকরা আরও নিখুঁতভাবে অস্ত্রোপচার করতে পারেন। রোবোটিক আর্ম ৩৬০-ডিগ্রি পর্যন্ত ঘুরতে পারে, যা মানুষের হাতের স্বাভাবিক নড়াচড়ার চেয়ে অনেক বেশি। ফলে শরীরের খুব সংকীর্ণ ও জটিল জায়গাতেও আরও নিখুঁতভাবে কাজ করা সম্ভব হয়। এতে রক্তনালি ও আশপাশের গুরুত্বপূর্ণ অঙ্গ নিরাপদ রাখা, কম কাটাছেঁড়ায় চিকিৎসা করা, রক্তক্ষরণ কমানো এবং রোগীর দ্রুত সুস্থ হয়ে ওঠার সুযোগ তৈরি হয়।

অধ্যাপক ডা. সামছাদ জাহান (শেলী) বলেন, রোবোটিক সার্জারির এই কার্যক্রম খুব শিগগিরই কার্ডিয়াক সার্জারি, নিউরোসার্জারি, ইউরোলজি, জেনারেল সার্জারি, গাইনোকোলজি ও থোরাসিক সার্জারিতে আরও বিস্তৃত করা হবে। আমাদের দীর্ঘমেয়াদি লক্ষ্য হলো, যেসব উন্নত চিকিৎসার জন্য রোগীদের বিদেশে যেতে হয়, তাদের দেশের মাটিতেই বিশ্বমানের চিকিৎসা দেওয়ার সুযোগ তৈরি করা। এর ফলে রোগীরা দেশেই প্রয়োজনীয় চিকিৎসা পাবেন এবং বিদেশে চিকিৎসার জন্য বৈদেশিক মুদ্রা ব্যয়ের পরিমাণও কমবে।
রোবোটিক সার্জারির সংযোজন ইউনাইটেড হেলথকেয়ার-এর আধুনিক ও বিশেষায়িত চিকিৎসাসেবার পরিসরকে আরও সমৃদ্ধ করেছে। দেশের মানুষের কাছে উন্নত চিকিৎসা প্রযুক্তি ও বিশেষজ্ঞ চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি এই হাসপাতাল জরুরি ও ক্রিটিকাল কেয়ার, উন্নত রোগ নির্ণয় এবং বিভিন্ন বিশেষায়িত চিকিৎসাসেবায় আধুনিক প্রযুক্তির ব্যবহার ও বিনিয়োগ অব্যাহত রেখেছে।
রোগীর নিরাপত্তা, চিকিৎসার মান ও সেবার অভিজ্ঞতাকে আরও উন্নত করার পাশাপাশি দেশের মানুষের ক্রমবর্ধমান চিকিৎসা চাহিদা পূরণে এবং উন্নত চিকিৎসার জন্য রোগীদের বিদেশ-নির্ভরতা কমানোর লক্ষ্যেও হসপিটালটি কাজ করে যাচ্ছে। এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশেই আরও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি দেশের স্বাস্থ্যসেবার মান ও সক্ষমতা আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে।
এসএইচ/এফএ