Dhaka Mail Logo

হেলথ

বিএমইউতে বৈজ্ঞানিক প্রবন্ধ ও অ্যাবস্ট্রাক্ট প্রস্তুতি বিষয়ক সেমিনার

নিজস্ব প্রতিবেদক

২৮ আগস্ট ২০২৬, ১২:০৯ পিএম

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের উদ্যোগে ‘সেমিনার অন সায়েন্টিফিক রাইটিং অ্যান্ড অ্যাবস্ট্র্যাক্ট প্রিপারেশন’ শীর্ষক একাডেমিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের ৫ম তলার সেমিনার কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের প্রো- ভাইস চ্যান্সেলর (একাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম। তিনি বলেন, ‘বৈজ্ঞানিক প্রবন্ধ রচনা, মানসম্মত অ্যাবস্ট্রাক্ট প্রস্তুত এবং গবেষণালব্ধ ফলাফল যথাযথভাবে উপস্থাপনের ক্ষেত্রে এ ধরনের সেমিনার নবীন চিকিৎসকদের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করে।’

সেমিনারে রিসোর্স পারসন হিসেবে বৈজ্ঞানিক প্রবন্ধ ও অ্যাবস্ট্রাক্ট লেখার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে তথ্যবহুল বক্তব্য উপস্থাপন করেন- বিএমইউর বিএসএমএমইউ জার্নালের নির্বাহী সম্পাদক অধ্যাপক ডা. এম. মোস্তফা জামান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মো. আকরাম হোসেন। তিনি বিভাগের রেসিডেন্টদের দেশি-বিদেশি বিভিন্ন বৈজ্ঞানিক সম্মেলনে গবেষণার অ্যাবস্ট্রাক্ট জমা দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে গবেষণার ফলাফল আন্তর্জাতিক পরিসরে উপস্থাপনের মাধ্যমে একাডেমিক দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সেমিনারে ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের সকল রেসিডেন্ট সরাসরি অংশগ্রহণ করেন। পাশাপাশি দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যয়নরত ক্লিনিক্যাল অনকোলজি এবং অন্যান্য অনকোলজি সেন্টারের রেসিডেন্টরা অনলাইনে যুক্ত হয়ে সেমিনারে অংশ নেন।

সেমিনারে বৈজ্ঞানিক লেখা ও অ্যাবস্ট্রাক্ট প্রস্তুতের কৌশল, গবেষণার ফলাফল উপস্থাপন এবং আন্তর্জাতিক সম্মেলনে গবেষণাকর্ম উপস্থাপনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এসএইচ/এমআই