নিজস্ব প্রতিবেদক
২৪ আগস্ট ২০২৬, ০২:৫৬ পিএম
মশাবাহিত রোগ ডেঙ্গুতে ভুগে গত ২৪ ঘণ্টায় দেশে তিনজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৯৯৪ জন।
সোমবার (২৪ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন বলছে, গত ২৪ ঘণ্টায় তিনজনসহ ডেঙ্গুতে চলতি বছরে মোট ৮৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৯২৩ জন।
আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ১১৭ জন, চট্টগ্রাম বিভাগে ১০৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৫৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৯৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১২৬ জন, খুলনা বিভাগে ২১৫ জন, ময়মনসিংহ বিভাগে ৭১ জন, রাজশাহী বিভাগে ৭৬ জন, রংপুর বিভাগে ২৩ এবং সিলেট বিভাগে ৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এর আগে গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মারা যান ৪১৩ জন। ২০২৪ সালে আক্রান্ত ছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন, মৃত্যু হয় ৫৭৫ জনের।
এছাড়া ২০২৩ সালে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং প্রাণ হারান ১ হাজার ৭০৫ জন।
এএইচ