নিজস্ব প্রতিবেদক
২৩ আগস্ট ২০২৬, ১০:৪০ এএম
সুনামের সঙ্গে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে কাজ করে যাওয়ার অভিব্যক্তি প্রকাশ করেছেন মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না এবং অনিয়ম করতে দেওয়া হবে না।
শনিবার (২২ আগস্ট) রাতে মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টারের হেলমেট হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ‘বার্ষিক সম্মেলন-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা, সহপাঠীদের স্মৃতি এবং মুক্তিযুদ্ধের দিনগুলোর স্মৃতিচারণ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সেইসঙ্গে তিনি বিভাগের প্রয়াত শিক্ষক ও সহপাঠীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।
মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘৬৯-৭০ ব্যাচের শিক্ষার্থী হিসেবে মুক্তিযুদ্ধের কারণে আমাদের শিক্ষাজীবনে ব্যাঘাত ঘটেছিল।
যুদ্ধ শেষে ফিরে এসে যখন পরীক্ষার মুখোমুখি হতে হয়, তখন তৎকালীন বিভাগীয় প্রধান ড. এম এন হুদার সঙ্গে আমরা দেখা করি। দেশের স্বাধীনতার জন্য যুদ্ধে অংশ নেওয়ার কথা তুলে ধরে আমরা বিশেষ মূল্যায়নের অনুরোধ জানাই। পরবর্তীতে স্যারদের আন্তরিক সহায়তায় আমাদের নিয়মিতকরণের ব্যবস্থা করা হয়।’
আরও পড়ুন: কলেরার ওরাল ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু
শিক্ষকদের অবদান স্মরণ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘গুণী শিক্ষকদের দিকনির্দেশনা ও স্নেহেই আজকে আমরা এই পর্যায়ে পৌঁছাতে পেরেছি।’
স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন নিয়ে তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে গুরুদায়িত্ব দিয়েছেন, তা যেন শততার সঙ্গে পালন করতে পারি। একজন সহকর্মী ও বন্ধু হিসেবে অর্থনীতি বিভাগের ভাবমূর্তি উজ্জ্বল রেখে দেশসেবা করাই আমার মূল লক্ষ্য।’
অনুষ্ঠানে অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান, অর্ন্তবর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের বিভাগীয় চেয়ারম্যান ড. ফেরদৌসী নাহার ও ঢাকা বিশ্ববিদ্যালয় ইকোনমিক্স ডিপার্টমেন্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডিইউইডিএএ) সভাপতি সৈয়দ আলী জওহর রিজভীসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
এসএইচ/এআরএম