নিজস্ব প্রতিবেদক
২২ আগস্ট ২০২৬, ০৭:৫১ পিএম
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে একই সময়ে রোগটি নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৭০২ জন।
শনিবার (২২ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা মহানগরে (উত্তর ও দক্ষিণ) ২১১ জন, ঢাকা বিভাগে (মহানগরে বাহিরে) ৪৭ জন, বরিশাল বিভাগে ১১৫ জন, চট্টগ্রাম বিভাগে ১০৭ জন, খুলনা বিভাগে ১১৪ জন, ময়মনসিংহ বিভাগে ৩৮ জন, রাজশাহী বিভাগে ৫৫ জন ও রংপুর বিভাগে ১৫ জন রোগী রয়েছেন।
আরও বলা হয়েছে, আক্রান্তদের মধ্যে ৬২ শতাংশ পুরুষ এবং ৩৮ শতাংশ নারী আর মৃতদের মধ্যে ৫২ দশমিক ৬ শতাংশ পুরুষ ও ৪৭ দশমিক ৪ শতাংশ মহিলা। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৭৭ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন বলছে, চলতি বছরে ২২ আগস্ট পর্যন্ত দেশে মোট ২৮ হাজার ৯০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আর চলতি মাসে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৭৮০ জন।
এদিকে চলতি বছরে এখন পর্যন্ত মোট ২৬ হাজার ১০১ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ৯১২ জন।
এর আগে গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মারা যান ৪১৩ জন। ২০২৪ সালে আক্রান্ত ছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন, মৃত্যু হয় ৫৭৫ জনের।
এছাড়া ২০২৩ সালে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং প্রাণ হারান ১ হাজার ৭০৫ জন।
এসএইচ/এএইচ