Dhaka Mail Logo

হেলথ

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে পরিদর্শনে নামছেন ৬৯ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক

১৯ আগস্ট ২০২৬, ০১:৫৫ এএম

স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা এবং জনসেবার গুণগত মান নিশ্চিত করতে দেশের সরকারি হাসপাতালগুলো নিয়মিত পরিদর্শন ও মনিটরিংয়ের উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। 

এ লক্ষ্যে বিভিন্ন পর্যায়ের ৬৯ কর্মকর্তাকে পরিদর্শনকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

রোববার (১৬ আগস্ট) স্বাস্থ্যসেবা বিভাগের প্রশাসন-১ শাখা থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়। এতে দেশের বিভিন্ন বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের পাশাপাশি মেডিকেল কলেজ, বিশেষায়িত, জেনারেল ও অন্যান্য সরকারি হাসপাতাল পরিদর্শনের জন্য কর্মকর্তাদের দায়িত্ব বণ্টন করা হয়েছে।

অফিস আদেশ অনুযায়ী, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাদের আওতাধীন হাসপাতালের জনবল, পরিষ্কার-পরিচ্ছন্নতা, চিকিৎসা সরঞ্জাম, অবকাঠামো, নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা পরিদর্শন করবেন। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথাও বলা হয়েছে।

এ ছাড়া হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ডিজিটাল হাজিরা নিয়মিত তদারকি করতে হবে। তাদের উপস্থিতি-সংক্রান্ত তথ্য ও প্রতিবেদনও দাখিল করতে হবে।

জেলা প্রশাসক, সিভিল সার্জন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে টিকাদান কর্মসূচি, অসংক্রামক রোগ প্রতিরোধ ও জনসচেতনতামূলক কার্যক্রমের অগ্রগতিও নিশ্চিত করতে হবে।

দায়িত্বের মধ্যে মাতৃ ও শিশুমৃত্যু কমানো, প্রবীণদের স্বাস্থ্যসেবা, পুষ্টি কার্যক্রমসহ জনস্বাস্থ্যসেবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ ও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার বিষয়ও রাখা হয়েছে। একই সঙ্গে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে উদ্ভাবনী ও কার্যকর উদ্যোগ নিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত ও সহযোগিতা করতে বলা হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়মিত জেলা, উপজেলা ও হাসপাতাল পরিদর্শন করতে হবে। পরিদর্শনে পাওয়া পর্যবেক্ষণ ও সুপারিশ প্রতি মাসের ৭ তারিখের মধ্যে নির্ধারিত শাখায় প্রতিবেদন আকারে পাঠাতে হবে। বাস্তবায়নযোগ্য সুপারিশের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপও নিতে হবে।

চলতি মাসে প্রত্যেক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে বাধ্যতামূলকভাবে অন্তত একটি পরিদর্শন সম্পন্ন করতে হবে। পরবর্তী সময়ে প্রতি মাসে অন্তত একটি করে পরিদর্শন অব্যাহত রাখতে হবে।

দায়িত্বপ্রাপ্ত ৬৯ কর্মকর্তার মধ্যে স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব, যুগ্মসচিব, উপসচিব, সিনিয়র সহকারী সচিব ও সহকারী সচিব পর্যায়ের কর্মকর্তারা রয়েছেন। তাদের দায়িত্বের আওতায় ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর ও সিলেটসহ বিভিন্ন বিভাগ ও জেলার সরকারি হাসপাতাল রাখা হয়েছে।

পরিদর্শনের আওতায় ঢাকার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর), জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতাল, জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল এবং মুগদা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন বিশেষায়িত প্রতিষ্ঠানও রয়েছে।

এসএইচ/এআরএম