Dhaka Mail Logo

হেলথ

২০ জেলায় চিকিৎসকদের দক্ষতা উন্নয়নে ‘হেলথ এক্সপ্রেস’ 

নিজস্ব প্রতিবেদক

০৬ আগস্ট ২০২৬, ০৯:০০ পিএম

বাংলাদেশের প্রান্তিক শহরগুলোতে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং এ বিষয়ে চিকিৎসকদের দক্ষতা উন্নয়নে ‘হেলথ এক্সপ্রেস’ নামে নতুন একটি কর্মসূচি শুরু করেছে স্বাস্থ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার। বগুড়া থেকে শুরু হওয়া ‘হেলথ এক্সপ্রেস’ আগামী তিন মাসে দেশের ২০টিরও বেশি জেলায় পরিচালিত হবে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) প্রতিষ্ঠানটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্মসূচির লক্ষ্য দেশের তৃতীয় ও চতুর্থ স্তরের শহরগুলোতে আধুনিক স্বাস্থ্যসেবা প্রযুক্তির সহজলভ্যতা বাড়ানো এবং চিকিৎসকদের মধ্যে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি ব্যবহারে সচেতনতা সৃষ্টি করা। 

এ উদ্যোগের আওতায় চিকিৎসকদের জন্য সরাসরি যন্ত্রপাতি প্রদর্শন, হাতে-কলমে প্রশিক্ষণ, ইন্টারঅ্যাকটিভ প্রোডাক্ট ডেমো এবং শিক্ষামূলক সেশনের আয়োজন করা হবে।

বগুড়া থেকে শুরু হওয়া ‘হেলথ এক্সপ্রেস’ আগামী তিন মাসে দেশের ২০টিরও বেশি জেলায় পরিচালিত হবে। এ সময় চিকিৎসক ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের অংশগ্রহণে স্বাস্থ্যসেবা খাতের বিভিন্ন চ্যালেঞ্জ এবং সম্ভাব্য সমাধান নিয়েও আলোচনা অনুষ্ঠিত হবে।

উইপ্রো জিই হেলথকেয়ারের আল্ট্রাসাউন্ড বিভাগের বিজনেস হেড অনুপ কুমার রামচন্দ্রন বলেন, মানসম্মত স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। ‘হেলথ এক্সপ্রেস’-এর মাধ্যমে মাঠপর্যায়ের চিকিৎসকদের আধুনিক আল্ট্রাসাউন্ড প্রযুক্তির সঙ্গে পরিচিত করা হবে, যাতে প্রাথমিক পর্যায়ে আরও নির্ভুলভাবে রোগ শনাক্ত করা সম্ভব হয়। একই সঙ্গে চিকিৎসকদের সক্ষমতা বৃদ্ধি, স্বাস্থ্যসচেতনতা উন্নয়ন এবং সবার জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করাও এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

তিনি আরও বলেন, রোগীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে চিকিৎসকদের প্রয়োজনীয় প্রযুক্তি ও জ্ঞান দিয়ে সহায়তা করছে উইপ্রো জিই হেলথকেয়ার। এই উদ্যোগের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে আধুনিক ডায়াগনস্টিক প্রযুক্তির ব্যবহার বাড়বে এবং স্বাস্থ্যসেবায় বৈষম্য কমাতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

এমএইচ/এআরএম