নিজস্ব প্রতিবেদক
০৩ আগস্ট ২০২৬, ০৪:৫০ পিএম
সংক্রামক রোগ গবেষণা, সাশ্রয়ী মূল্যের টিকা উন্নয়ন এবং জনস্বাস্থ্য রক্ষায় অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ ‘বিডিআই লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ২০২৬’-এ ভূষিত হয়েছেন আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি)-র প্রখ্যাত জ্যেষ্ঠ বিজ্ঞানী ড. ফিরদৌসী কাদরী।
আজ সোমবার (৩ আগস্ট) আইসিডিডিআরবির পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক গবেষণা ও অ্যাডভোকেসি সংগঠন বাংলাদেশ ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (বিডিআই) ২০১২ সাল থেকে দেশের উন্নয়ন এবং মানুষের জীবনমান উন্নয়নে অগ্রণী ভূমিকা পালনকারী গুণী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই সম্মাননা প্রদান করে আসছে। ড. ফিরদৌসী কাদরীর দীর্ঘদিনের গবেষণা ও জনস্বাস্থ্য সুরক্ষায় তাঁর নিরলস সাধনা এই আন্তর্জাতিক স্বীকৃতি এনে দিয়েছে।
এদিকে সংগঠনটি জানায়, বিডিআই-এর আসন্ন আন্তর্জাতিক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ড. কাদরীর হাতে এই আজীবন সম্মাননা স্মারক তুলে দেওয়া হবে। ওই সম্মেলনে তিনি একটি বিশেষ মূল বক্তব্যও উপস্থাপন করবেন।
বিজ্ঞান গবেষণার পাশাপাশি বিশেষ করে বাংলাদেশের নতুন প্রজন্মের নারী বিজ্ঞানীদের অনুপ্রাণিত করতে ড. ফিরদৌসী কাদরীর ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাঁর এই আন্তর্জাতিক অর্জন দেশের চিকিৎসা বিজ্ঞান ও গবেষণার ক্ষেত্রকে বিশ্বমঞ্চে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল।
বিস্তারিত দেখতে লিংকে ক্লিক করুন: https://www.facebook.com/share/p/1DDonsFdVu/
এসএইচ/এফএ