Dhaka Mail Logo

হেলথ

অফিস টাইমে প্রাইভেট প্র্যাক্টিস: ভেদরগঞ্জের ডা. শারমিনকে কৈফিয়ত তলব

নিজস্ব প্রতিবেদক

০২ আগস্ট ২০২৬, ০৫:১৩ পিএম

অফিস টাইমে প্রাইভেট প্র্যাক্টিস করার অভিযোগে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (গাইনি এন্ড অবস্) ডা. শারমিন জাহান সোমাকে কৈফিয়ত তলব করেছে স্বাস্থ্য বিভাগ।

রোববার (২ আগস্ট) ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. আবু নাইম মো. ইফতেখারুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ কৈফিয়ত তলব করা হয়েছে।

এতে বলা হয়, গত ১ আগস্ট স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন কর্তৃক ভেদরগঞ্জ উপজেলায় একটি প্রাইভেট ক্লিনিকে (ভেদরগঞ্জ পপুলার ডায়াগনস্টিক সেন্টার এন্ড ক্লিনিক) আকস্মিক পরিদর্শন কার্যক্রম পরিচালনাকালে ওটি রেজিস্ট্রারে প্রাপ্ত লিখিত তথ্য অনুযায়ী ডা. শারমিন জাহান সোমা গত ১ আগস্ট ২০২৬ তারিখে দুপুর দুইটায় ক্লিনিকে সার্জারী পরিচালনা করেন। 

সরকারি নিবন্ধিত চিকিৎসক অফিস চলাকালীন সময়ে ব্যক্তিগত চিকিৎসা কার্যক্রম পরিচালনা ‘মেডিকেল প্র্যাকটিস এন্ড প্রাইভেট ক্লিনিক এন্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অধ্যাদেশ, ১৯৮২’ -এর সুষ্পষ্ট লঙ্ঘন।

ডা. শারমিন জাহান সোমাকে পাঠানো চিঠিতে বলা হয় কেন তার বিরুদ্ধে যথাযথ বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে না, তার স্বপক্ষে জবাব (প্রমাণাদিসহ) এ পত্র প্রাপ্তির ৩ কর্মদিবসের মধ্যে দাখিল করতে হবে।

অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কৈফিয়ত তলবের চিঠির অনুলিপি স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, ঢাকা বিভাগীয় (স্বাস্থ্য) পরিচালকের কার্যালয়, স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (প্রশাসন) ও শরীয়তপুরের সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

এর আগে গত ১ আগস্ট দুপুরে ভেদরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে আসেন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন। পরিদর্শনকালে অনিয়ম পাওয়ায় ডা. শারমিন জাহান সোমাকে তলব করেছে স্বাস্থ্য বিভাগ।

এসএইচ/এআরএম