নিজস্ব প্রতিবেদক
২৯ জুলাই ২০২৬, ০১:৪৪ পিএম
চার বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীদের পেশাগত অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে ঘিরে একটি মহল পরিকল্পিতভাবে অপপ্রচার ও উসকানিমূলক কর্মকাণ্ড চালাচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ ডেন্টাল পরিষদ।
বুধবার (২৯ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি এ অভিযোগ করে।
এতে বলা হয়, তাদের ঘোষিত শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচিকে কেন্দ্র করে 'ডক্টরস মুভ ফর জাস্টিস, বিডিএস উইং' নামে একটি সংগঠন বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য প্রচার, ডেন্টাল ডিপ্লোমাধারীদের সম্পর্কে অবমাননাকর মন্তব্য এবং পাল্টা কর্মসূচি ঘোষণার মাধ্যমে অপ্রয়োজনীয় উত্তেজনা সৃষ্টি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে।
বাংলাদেশ ডেন্টাল পরিষদ বলেছে, তাদের আন্দোলনের লক্ষ্য কোনো ব্যক্তি, পেশাজীবী গোষ্ঠী বা প্রতিষ্ঠানের অধিকার খর্ব করা নয়। বরং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদফতর নির্ধারিত কর্মপরিধির আলোকে সরকারি অনুমোদিত চার বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীদের জন্য বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) মাধ্যমে সীমিত পরিসরে প্রাইভেট প্র্যাকটিসের নিবন্ধন, নতুন পদ সৃষ্টি, পর্যাপ্ত কর্মসংস্থান এবং ন্যায্য পেশাগত স্বীকৃতি নিশ্চিত করার দাবিতেই তাদের আন্দোলন চলছে।
সংগঠনটি আরও জানায়, এ বিষয়ে নীতিগত ও আইনগত সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। তাই বিভ্রান্তিকর তথ্য বা অপপ্রচারের পরিবর্তে রাষ্ট্রীয় সিদ্ধান্ত ও আইনগত প্রক্রিয়ার প্রতি সম্মান জানানোর আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো নাগরিক বা পেশাজীবী গোষ্ঠীর শান্তিপূর্ণ ও আইনসম্মত দাবিকে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের মাধ্যমে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। মতপার্থক্য থাকলে তা সংলাপ, তথ্য, যুক্তি ও আইনের ভিত্তিতে শান্তিপূর্ণভাবে উপস্থাপন করা উচিত।
বাংলাদেশ ডেন্টাল পরিষদ জানায়, তাদের সব কর্মসূচি শান্তিপূর্ণ, আইনসম্মত ও গণতান্ত্রিক উপায়ে পরিচালিত হবে। তারা কোনো ধরনের সংঘাত বা অস্থিতিশীলতা চায় না; বরং আলোচনার মাধ্যমে গ্রহণযোগ্য ও টেকসই সমাধান প্রত্যাশা করে।
এ প্রেক্ষাপটে সংগঠনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, সংশ্লিষ্ট প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কর্মসূচির নিরাপত্তা নিশ্চিত এবং সংবিধানপ্রদত্ত শান্তিপূর্ণ সমাবেশ ও মতপ্রকাশের অধিকার সুরক্ষার আহ্বান জানিয়েছে।
পাশাপাশি, স্বাস্থ্যখাতে অপ্রয়োজনীয় উত্তেজনা সৃষ্টি করতে পারে, এমন বক্তব্য বা কর্মকাণ্ড থেকে বিরত থেকে সংযম ও দায়িত্বশীল আচরণ বজায় রাখার জন্য সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ ডেন্টাল পরিষদ।
এমএইচ/এমআই