নিজস্ব প্রতিবেদক
২৫ জুলাই ২০২৬, ০৪:২১ পিএম
জনপ্রতিনিধিদের ক্ষমতার দাপট ও অর্থবিত্ত গড়ার পুরোনো ধারার রাজনীতি বদলে সততা, জবাবদিহিতা এবং সার্বজনীন সেবা নিশ্চিতের 'নতুন রাজনৈতিক বন্দোবস্তের' আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
শনিবার (২৫ জুলাই) সিরাজগঞ্জের শাহজাদপুরের জামিরতায় অত্যাধুনিক ও নারী-নেতৃত্বাধীন 'জামিরতা ভিশন সেন্টারের' উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
রাজনীতি ও জনপ্রতিনিধিত্বের আমূল পরিবর্তনের তাগিদ দিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, ‘রাজনীতিতে পুরোনো বন্দোবস্ত ছিল—একবার ভোট পেয়ে এমপি হলে পাঁচ বছর আর জনগণের কাছে আসতে হতো না। কিন্তু আমরা সেই পুরোনো বন্দোবস্ত রাখতে চাই না। নতুন বন্দোবস্ত হচ্ছে রাজনীতিতে কোনো দালান-কোঠা বা গাড়ি-বাড়ি বানানোর সুযোগ থাকবে না।’
তিনি আরও স্পষ্ট করেন, ‘যারা ক্ষমতার জন্য নয়, জনগণের দায়িত্ব নিতে আসবেন—নির্দিষ্ট মেয়াদ শেষে দেখা যাবে তাদের ব্যাংক ব্যালেন্স কমছে, বাড়ছে না। জনপ্রতিনিধিদের নির্ধারিত সময়ের জন্য এসে ফুলটাইম জনগণের কাজ করতে হবে।’
এ সময় প্রধানমন্ত্রীর উদাহরণ তুলে ধরে ড. এম এ মুহিত বলেন, ‘প্রধানমন্ত্রী সকাল ৯টার আগেই অফিসে পৌঁছে দেশের কাজে আত্মনিয়োগ করেন।’
স্বাস্থ্যসেবার উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, সারা বাংলাদেশের প্রান্তিক মানুষের কাছে আধুনিক চক্ষুসেবা পৌঁছে দেওয়ার যে স্বপ্ন বিগত ৩ বছর ধরে দেখা হচ্ছিল, জামিরতার এই ভিশন সেন্টার তারই একটি মাইলফলক যাত্রা।
তিনি বলেন, ‘প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে সিরাজগঞ্জের প্রত্যন্ত গ্রামের মানুষ ঘরে বসেই ঢাকা বা নিউইয়র্কের মতো শহরের বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে সরাসরি চোখের পরামর্শ ও চিকিৎসা গ্রহণ করতে পারবেন।’
অনুষ্ঠানে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন এবং অরবিস ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর ডা. মুনীর আহমেদসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
এসএইচ/এমআই