নিজস্ব প্রতিবেদক
১১ জুলাই ২০২৬, ০৫:২৬ পিএম
বাংলাদেশের কোনো উপজেলাই এখন আর আগের মতো গ্রাম নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেন, ‘আমরা একদিকে বলছি রেফারাল নেটওয়ার্ক না থাকায় ঢাকা মেডিকেল কলেজে রোগীর অতিরিক্ত চাপ বাড়ছে, আবার অন্যদিকে চিকিৎসকেরা নিজেরা উপজেলা পর্যায়ে যেতে চাচ্ছি না। সীমিত সম্পদের এই দেশে গাছের আগাটাও খাবো, তলারটাও কুড়াবো— এমন যুক্তিবিরোধী চিন্তা করলে অনেক ভবন হবে, কিন্তু কোনো রোগী চিকিৎসা পাবে না।’
শনিবার (১১ জুলাই) সকালে ঢাকা মেডিকেল কলেজের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিশেষ অতিথি প্রধানমন্ত্রীর সহধর্মিনী ঢামেকের প্রাক্তন শিক্ষার্থী বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. জোবাইদা রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল ও প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার প্রমুখ।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ড. এস এম মুহিত বলেন, ‘বাংলাদেশের কোনো উপজেলাই এখন আর আগের মতো গ্রাম নয়। সব উপজেলাতেই এখন আধুনিক নাগরিক সুবিধা, এমনকি পিজ্জা শপ পর্যন্ত পাওয়া যায়। তাই চিকিৎসকদের ঢাকার বাইরে গিয়ে সেবা দেওয়ার মানসিকতা তৈরি করতে হবে।’
চিকিৎসকদের আবদার ও নীতিমালার সমালোচনা করে তিনি আরও বলেন, ‘কথায় কথায় সব হাসপাতালকে মেডিকেল কলেজ বা বিশ্ববিদ্যালয় বানিয়ে ফেলার অযৌক্তিক প্রবণতা থেকেও আমাদের বের হয়ে আসতে হবে।’
অনুষ্ঠানে চিকিৎসকদের তুলে ধরা ২৫টি সুনির্দিষ্ট সমস্যার কথা উল্লেখ করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ‘বিশিষ্ট চিকিৎসক ডা. জুবাইদা রহমানের পরামর্শেই আজকের এই চমৎকার ইন্টারঅ্যাক্টিভ ও তথ্যবহুল সেশনটি হয়েছে। আমাদের সরকারের ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ’ পরিকল্পনায় এই প্রতিটি সমস্যারই যৌক্তিক সমাধান রাখা হয়েছে। তবে এই পরিবর্তন আনতে হলে চিকিৎসকদের শুধু ব্যক্তিগত ক্যারিয়ার না ভেবে, পুরো স্বাস্থ্য খাতের সংস্কারে এগিয়ে আসতে হবে।’
এসএইচ/এফএ