নিজস্ব প্রতিবেদক
৩০ জুন ২০২৬, ০৯:১৬ পিএম
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য ‘টিচিং মেথডোলজি অ্যান্ড অ্যাসেসমেন্ট’ বিষয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে আয়োজিত কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফ. এম. সিদ্দিকী।
অনুষ্ঠানে উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার উপস্থিত ছিলেন।

তিন দিনব্যাপী কর্মশালায় বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সভাপতি অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম, অধ্যাপক ডা. আবদাল মিয়া, অধ্যাপক ডা. মো. হুমায়ুন কবীর তালুকদার, অধ্যাপক ডা. তাহমিনা বেগম, অধ্যাপক ডা. নুরুন নাহার খানম এবং ডা. মো. রাসেল আহমেদ খান বিভিন্ন বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন।
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ডা. নুরুন নাহার খানম। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ডা. দীনে মুজাহিদ মোহাম্মদ ফারুক ওসমানী।
বক্তারা কর্মশালায় অর্জিত জ্ঞান বাস্তবে প্রয়োগ করে মেডিকেল শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান। একই সঙ্গে অংশগ্রহণকারী শিক্ষকদের দক্ষ, অনুসরণীয় ও শিক্ষার্থীবান্ধব শিক্ষক হিসেবে নিজেদের গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
কর্মশালা শেষে অংশগ্রহণকারী ২৭ জন শিক্ষককে সনদপত্র প্রদান করা হয়।
এমএইচ/এএইচ