Dhaka Mail Logo

হেলথ

দুই সরকারি মেডিকেলে নতুন অধ্যক্ষ নিয়োগ

নিজস্ব প্রতিবেদক

২১ জুন ২০২৬, ১০:৫১ এএম

দেশের দুই সরকারি মেডিকেল কলেজে নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৮ জুন) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়েছে।

দুই মেডিকেল হলো– পটুয়াখালী মেডিকেল কলেজ ও সিরাজগঞ্জ মেডিকেল কলেজ।

নতুন নিয়োগ পাওয়া দুই বিশেষজ্ঞ চিকিৎসক হলেন, ডা. এফ এম আতিকুর রহমান ও ডা. মো. জুলফিকার আলী। একই প্রজ্ঞাপনে ময়মসিংহ মেডিকেল কলেজের উপাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে, এই পদে নিয়োগ পেয়েছেন ডা. মো. বদর উদ্দিন। তিনি ময়মনসিংহ মেডিকেলের ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক।

এর মধ্যে ডা. এফ এম আতিকুর পটুয়াখালী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। এছাড়া ডা. মো. জুলফিকার আলী সিরাজগঞ্জ মেডিকেলের অর্থপেডিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তাগণকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পার্শ্বে বর্ণিত পদে ও কর্মস্থলে পদায়ন করা হলো’।

এতে আরও বলা হয়, ‘বদলি বা পদায়নকৃত কর্মকর্তাগণ আগামী ২৫ জুন ২০২৬ তারিখের মধ্যে নিজ নিজ বদলি বা পদায়নকৃত কর্মস্থলে যোগদান করবেন। যোগদানের পূর্বে সংশ্লিষ্ট কর্মকর্তা বর্তমান কর্মস্থল থেকে যথাযথ ছাড়পত্র গ্রহণ করবেন। 

পাশাপাশি তিনি এইচআরএম ডাটাবেজে মুভ-আউট সম্পন্ন করবেন এবং নতুন কর্মস্থলে যোগদানের পর মুভ-ইন সম্পন্ন করবেন। যোগদানের পর সংশ্লিষ্ট কর্মকর্তা অবশ্যই পিডিএস হালনাগাদ করবেন।’

এছাড়া পদায়নকৃত কর্মকর্তার যোগদানপত্র স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পার-১ শাখার ই-মেইল ঠিকানায় (per1@mefwd.gov.bd) প্রেরণ করতে হবে।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে। 

এসএইচ/এআরএম