নিজস্ব প্রতিবেদক
২১ জুন ২০২৬, ০৮:৩৮ এএম
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর সাবেক চিফ মেডিকেল অফিসার, বিশিষ্ট চিকিৎসক, শিক্ষক ও সংস্কৃতি ব্যক্তিত্ব ডা. আবু হেনা আবিদ জাফর হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (২০ জুন) দিবাগত রাত আনুমানিক ১২টা ৫০ মিনিটে ঢাকায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে চিকিৎসা অঙ্গন, সহকর্মী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের জানাজা রোববার (২১ জুন) বুয়েট কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
ডা. আবিদ জাফর দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি ক্রিসেন্ট গ্যাস্ট্রোলিভার হাসপাতালের সাবেক মেডিকেল ডিরেক্টর এবং বায়ো ফার্মার সাবেক ডিরেক্টর হিসেবেও দায়িত্বে ছিলেন। পরবর্তী সময়ে তিনি বুয়েটের চিফ মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।
চিকিৎসা সেবার পাশাপাশি তিনি সংস্কৃতি অঙ্গনেও সক্রিয় ছিলেন এবং একজন নিবেদিতপ্রাণ ও মানবিক চিকিৎসক হিসেবে সর্বমহলে পরিচিত ছিলেন।
আরও পড়ুন
চিকিৎসক শুভাগত চৌধুরী মারা গেছেন
সহকর্মী, শিক্ষার্থী ও পরিচিতজনদের মতে, তিনি ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ, সহৃদয় এবং পরামর্শদাতা স্বভাবের একজন শিক্ষক ও অভিভাবকতুল্য ব্যক্তিত্ব। তারা বলেন, তার মতো একজন গুণী ও দায়িত্বশীল চিকিৎসক ও অভিভাবক পাওয়া অত্যন্ত বিরল।
ডা. আবু হেনার মৃত্যুতে ব্যক্তিগত ও পেশাগত জীবনের অসংখ্য সহকর্মী ও শুভানুধ্যায়ী শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই স্মৃতিচারণ করে বলেন, তার সঙ্গে দেখা ও পরামর্শ গ্রহণের বহু স্মৃতি আজও হৃদয়ে গেঁথে আছে। তার এই আকস্মিক মৃত্যুতে পরিবার, ছাত্রছাত্রী ও সহকর্মীদের মাঝে অপূরণীয় শূন্যতা তৈরি হয়েছে।
এমএইচ/জেবি