images

হেলথ

আদ্-দ্বীনের সেবা বন্ধে ডায়ালাইসিস রোগীর মৃত্যু, স্বজনদের ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

১৩ জুন ২০২৬, ০৮:৪২ পিএম

রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইসিস সেবা না পেয়ে কামাল মিয়া (৫০) নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন তার স্বজনরা। 

শনিবার (১৩ জুন) দুপুরে ওই রোগীর মৃত্যু হয়। তিনি খিলগাঁওয়ের বাসিন্দা।

রোগীর সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন কামাল মিয়া। নিয়মিতভাবে আদ্-দ্বীন হাসপাতালেই তার ডায়ালাইসিস করা হতো। শনিবার তার ডায়ালাইসিসের নির্ধারিত তারিখ ছিল। তবে হাসপাতালটির কার্যক্রম স্থগিত থাকায় সেখানে সেবা পাওয়া যায়নি।

স্বজনদের দাবি, হাসপাতাল কর্তৃপক্ষ তাদের জানায় যে, বর্তমানে সেখানে ডায়ালাইসিসসহ অন্যান্য সেবা বন্ধ রয়েছে। এ অবস্থায় সরকার নির্ধারিত বিকল্প হাসপাতালগুলোতে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়। কিন্তু নতুন করে কোথায় চিকিৎসা নেওয়া হবে, সেই ব্যবস্থা করার আগেই কামাল মিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং তিনি মারা যান।

মৃতের স্ত্রী অভিযোগ করে বলেন, নিয়মিত ডায়ালাইসিস চলমান থাকলে তার স্বামীকে হয়তো বাঁচানো সম্ভব হতো। গত প্রায় দেড় বছর ধরে তিনি একই হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

তিনি বলেন, নবজাতক মৃত্যুর ঘটনার পর হাসপাতালের ওপর যে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে, তার প্রভাব পড়ে সাধারণ রোগীদের ওপরও। এতে তাদের পরিবার অপূরণীয় ক্ষতির মুখে পড়েছে।

স্বজনদের ভাষ্য, বিকল্প হিসেবে কয়েকটি হাসপাতালের নাম দেওয়া হলেও স্বল্প সময়ের মধ্যে সেখানে চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব হয়নি। এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে যাওয়ার প্রস্তুতির মধ্যেই রোগীর মৃত্যু ঘটে।

এর আগে গত ২৭ মে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের একটি পোস্ট-অপারেটিভ ইউনিটে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনার পর স্বাস্থ্য অধিদফতর হাসপাতালটির লাইসেন্স বাতিল করে দিয়েছে। 

একই সঙ্গে নতুন রোগী ভর্তি বন্ধসহ বিভিন্ন সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। পরে রেফারকৃত রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে রাজধানীর কয়েকটি সরকারি হাসপাতালকে নির্দেশনা দেওয়া হয়।

এমএইচ/এএইচ