images

হেলথ

দাম কমবে হার্টের রিং, চোখের লেন্স ও ডায়ালাইসিস সামগ্রীর

নিজস্ব প্রতিবেদক

১১ জুন ২০২৬, ০৪:৫৮ পিএম

দেশে চিকিৎসা ব্যয় কমাতে স্বাস্থ্য খাতের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পণ্যে কর অব্যাহতির প্রস্তাব দিয়েছে সরকার। এর ফলে হৃদরোগ, চোখ ও কিডনি রোগের চিকিৎসা ব্যয় উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশা করা হচ্ছে।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই প্রস্তাব দেন।

অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশে স্বাস্থ্যসেবায় রোগীদের নিজস্ব খরচ বা ‘আউট অব পকেট এক্সপেন্ডিচার’ বিশ্বের অনেক দেশের তুলনায় বেশি। এ বাস্তবতায় সাধারণ মানুষের চিকিৎসা ব্যয় কমানোর লক্ষ্যে আমদানিকৃত হার্টের রিং (স্টেন্ট) এবং চোখের ইন্ট্রাওকুলার লেন্স (আইওএল) সরবরাহের ক্ষেত্রে যোগানদার পর্যায়ে বিদ্যমান ১০ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) সম্পূর্ণ অব্যাহতির প্রস্তাব করা হয়েছে।

প্রস্তাব কার্যকর হলে প্রতিটি হার্টের স্টেন্টের দাম প্রায় ২০ হাজার টাকা পর্যন্ত কমতে পারে। 

একইভাবে চোখের ছানি অপারেশনে ব্যবহৃত প্রতিটি ইন্ট্রাওকুলার লেন্সের মূল্য প্রায় ৫ হাজার টাকা পর্যন্ত হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া কিডনি রোগীদের ডায়ালাইসিস চিকিৎসায় ব্যবহৃত ‘ব্লাড টিউবিং সেট ফর হেমোডায়ালাইসিস’ আমদানির ক্ষেত্রে বর্তমানে আরোপিত ৭ দশমিক ৫ শতাংশ আগাম কর সম্পূর্ণ অব্যাহতির প্রস্তাব করা হয়েছে।

সরকারের মতে, এই কর ছাড় কার্যকর হলে কিডনি ডায়ালাইসিসের ব্যয়ও উল্লেখযোগ্যভাবে কমবে এবং দীর্ঘমেয়াদি কিডনি রোগে আক্রান্ত রোগীরা আর্থিকভাবে কিছুটা স্বস্তি পাবেন।

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে দেশে চিকিৎসা ব্যয় দ্রুত বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে হৃদরোগ, কিডনি রোগ ও চোখের চিকিৎসার ক্ষেত্রে রোগীদের বড় অঙ্কের অর্থ ব্যয় করতে হয়। 

এ অবস্থায় প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামে কর ছাড়ের এই উদ্যোগকে স্বাস্থ্যসেবার ব্যয় কমানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

এমএইচ/এফএ