images

হেলথ

সরকারকে ৪ কোটি টাকার ভেন্টিলেটর ও সরঞ্জাম উপহার

নিজস্ব প্রতিবেদক

১০ জুন ২০২৬, ০৭:০০ পিএম

দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলা ও আক্রান্ত রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকারের পাশে দাঁড়িয়েছে কানাডার স্বনামধন্য ইমিগ্রেশন প্রতিষ্ঠান ‘স্কশিয়া কনসালট্যান্টস’। 

সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠানটি সরকারকে প্রায় চার কোটি টাকা সমমূল্যের অত্যাধুনিক ভেন্টিলেটরসহ জরুরি জীবন রক্ষাকারী চিকিৎসা সরঞ্জাম উপহার দিয়েছে।

বুধবার (১০ জুন) সকালে সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এসব সামগ্রী হস্তান্তর করা হয়। 

স্কশিয়া কনসালট্যান্টসের প্রধান ডা. মো. জামিলুর রহিম স্বাস্থ্যমন্ত্রীর কাছে এই চিকিৎসা সরঞ্জামাদি তুলে দেন।

চিকিৎসা সামগ্রী গ্রহণকালে দেশের এই ক্রান্তিলগ্নে বেসরকারি খাতের এমন মানবিক ও মহৎ উদ্যোগকে সাধুবাদ জানান স্বাস্থ্যমন্ত্রী মো. সাখাওয়াত হোসেন। ব্যক্তিগত উদ্যোগে এত বড় সহায়তার হাত বাড়িয়ে দেওয়ায় তিনি ডা. জামিলুর রহিমকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি ও ব্যক্তিগত পর্যায়ের এই ধরণের সহযোগিতা দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে এবং যেকোনো মহামারী বা প্রাদুর্ভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস ও এমপরি অ্যাংশো মেডিকেয়ার লিমিটেডের নির্বাহী পরিচালক শাহেদ কামাল।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, হস্তান্তরকৃত অত্যাধুনিক ভেন্টিলেটর এবং জরুরি সরঞ্জামগুলো দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে দ্রুত পাঠানো হবে। হামে আক্রান্ত যেসব রোগীর অবস্থা গুরুতর, তাদের জীবন রক্ষায় এই সরঞ্জামগুলো অনতিবিলম্বে ব্যবহার উপযোগী করা হবে।

এসএইচ/এএইচ