জ্যেষ্ঠ প্রতিবেদক
১০ জুন ২০২৬, ০৬:৪৫ পিএম
স্বাস্থ্যখাতের উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে জাতীয় সংসদের অধিবেশনে বিভিন্ন প্রশ্নের জবাব দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ সময় তিনি এক সম্পূরক প্রশ্নের জবাবে হাসপাতালগুলোতে জনবল, অস্ত্রপাচারের যন্ত্রপাতি বলতে গিয়ে বলেন, অস্ত্র দেওয়া হচ্ছে। এটি নিয়ে সংসদে হাস্যরসের সৃষ্টি হয়। পরে স্বাস্থ্যমন্ত্রী নিজেও হাসেন এবং তার বক্তব্য সংশোধন করে বলেন, অস্ত্র না, আমি বলেছি যন্ত্রপাতি।
বুধবার (১০ জুন) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইনের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম অধিবেশনে সভাপতিত্ব করেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, বর্তমান সরকার বাংলাদেশের সকল নাগরিকের সুস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে নিকটস্থ সেবা আরও সহজতর করতে সারা দেশের ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালকে ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে রূপান্তরিত করার ঘোষণা দিয়েছে। শুধু হাসপাতাল নয়, সঙ্গে জনবল, যন্ত্রপাতি, আইসিইউ এবং পোস্ট অপারেটিভ সেন্টারের ব্যবস্থাও করা হচ্ছে। তিনি পরে ভুল সংশোধন করে বলেন, অস্ত্র না, আমি বলেছি যন্ত্রপাতি। এ সময় সংসদ সদস্যদের অনেকেই হেসে ওঠেন। স্বাস্থ্যমন্ত্রীও হাসতে হাসতে নিজের বক্তব্য সংশোধন করেন।
সম্পূরক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, দেশের স্বাস্থ্যখাতে বিভিন্ন সরকারের অবদান রয়েছে। স্বাধীনতার পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে থানায় ৩০ থেকে ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতাল স্থাপনের মাধ্যমে স্বাস্থ্যসেবা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়। পরবর্তীতে ১৯৯১ সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারের সময় উপজেলা হাসপাতালগুলোকে ৫০ শয্যায় উন্নীত করা হয়।
তিনি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করার ঘোষণা দেওয়া হয়েছে। একই সঙ্গে জনবল, যন্ত্রপাতি, আইসিইউ এবং পোস্ট অপারেটিভ সেন্টার যুক্ত করার পরিকল্পনাও রয়েছে। এ সময় আবারও তিনি পূর্বের বক্তব্য সংশোধন করে বলেন, অস্ত্র না, আমি বলেছি যন্ত্রপাতি। বিষয়টি নিয়ে সংসদে হাস্যরসের সৃষ্টি হয় এবং অধিবেশনটি কিছু সময়ের জন্য আনন্দঘন হয়ে ওঠে।
তিনি আরও জানান, মাতৃদুগ্ধপান কর্নারসহ বিভিন্ন আধুনিক স্বাস্থ্যসেবা সুবিধা যুক্ত করার প্রস্তাবও রয়েছে।
বিইউ/এআর