নিজস্ব প্রতিবেদক
০৫ জুন ২০২৬, ০২:৩৫ পিএম
দেশের সরকারি স্বাস্থ্যসেবায় নতুন চিকিৎসক যুক্ত করার প্রক্রিয়ার অংশ হিসেবে ৪৪তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে নবনিয়োগপ্রাপ্ত সহকারী সার্জনদের আগামী ১৫ জুনের মধ্যে যোগদানপত্র দাখিলের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (৪ জুন) স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্মসচিব সনজীদা শরমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২ জুন ২০২৬ তারিখের প্রজ্ঞাপনের মাধ্যমে ৪৪তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে সহকারী সার্জন পদে নবনিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের আগামী ১৫ জুন পূর্বাহ্নে স্বশরীরে স্বাস্থ্য সেবা বিভাগে উপস্থিত হয়ে যোগদানপত্র জমা দিতে হবে।
নির্দেশনা অনুযায়ী, নবনিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের বাংলাদেশ সচিবালয়ের ৩ নম্বর ভবনের ৩৩৮ নম্বর কক্ষে অবস্থিত স্বাস্থ্য সেবা বিভাগে উপস্থিত হয়ে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব বরাবর যোগদানপত্র দাখিল করতে হবে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে যোগদান কার্যক্রম সম্পন্ন করে নতুন চিকিৎসকদের সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় অন্তর্ভুক্ত করা হবে। এর মাধ্যমে দেশের বিভিন্ন সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসক সংকট নিরসনে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
বিজ্ঞপ্তির অনুলিপি অবগতির জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।
এমএইচ/এএস