Dhaka Mail Logo

হেলথ

আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসা সেবা কার্যক্রম স্বাভাবিকভাবে চলমান

নিজস্ব প্রতিবেদক

০১ জুন ২০২৬, ০৯:৫৪ পিএম

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবা স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। গত ২৭ মে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সাময়িকভাবে সেবা কার্যক্রম কিছুটা ব্যাহত হলেও বর্তমানে হাসপাতালের সব বিভাগে ২৪ ঘণ্টা চিকিৎসাসেবা চালু রয়েছে।

সোমবার (১ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান আদ্-দ্বীন হাসপাতালসমূহের মহাপরিচালক অধ্যাপক ডা. নাহিদ ইয়ানমিন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতালের বহির্বিভাগ, অন্তর্বিভাগ, জরুরি বিভাগসহ প্রয়োজনীয় সব ধরনের সেবা স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় বহির্বিভাগ থেকে ১ হাজার ৩৯ জন রোগী সেবা নিয়েছেন। এ ছাড়া ৭১ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ২৫টি প্রসব সম্পন্ন হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, স্বাভাবিক সময়ে আদ্-দ্বীন হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন প্রায় ২ হাজার রোগী সেবা নেন। এর মধ্যে প্রায় ২০০ জন গর্ভবতী মা চিকিৎসাসেবা গ্রহণ করেন। প্রতিদিন গড়ে ৬০ থেকে ৮০টি প্রসব সম্পন্ন হয়।

addin

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আদ্-দ্বীন হাসপাতাল ১৯৯৭ সাল থেকে স্বল্প খরচে মানসম্মত চিকিৎসাসেবা দিয়ে আসছে। বর্তমানে ঢাকা, খুলনা, যশোর ও কুষ্টিয়ায় পাঁচটি মেডিকেল কলেজ এবং নয়টি হাসপাতালের মাধ্যমে প্রতিষ্ঠানটি স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করছে।

কর্তৃপক্ষের দাবি, হাসপাতালের আইসিইউ, এনআইসিইউ, সিসিইউ ও ডায়ালাইসিস ইউনিটে সংক্রমণ প্রতিরোধে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা হয়।

এআর