images

হেলথ

কোরবানির সময় আহত: নিটোরে ভর্তি ১২৫

নিজস্ব প্রতিবেদক

২৮ মে ২০২৬, ০৮:৩৩ পিএম

কোরবানি করতে গিয়ে আহত হয়ে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) ভর্তি হয়েছেন ১২৪ জন।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল থেকে বিকেল ৬টা পর্যন্ত এসব রোগী ভর্তি হন। বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন নিটোরের পরিচালক ডা. আবুল কেনান।

নিটোরের পরিচালক বলেন, কোরবানি করতে আহত হয়ে ১২৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বেশির ভাগেরই হাত ও পায়ে আঘাত লেগেছে। যাদের অবস্থা গুরুতর তাদেরকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। আর যারা গুরুতর নয়, তাদেরকে চিকিৎসা দিয়ে রিলিজ দেওয়া হয়েছে।

ডা. আবুল কেনান জানান, গরুর লাথি ও শিংয়ের গুঁতা খেয়ে এবং মাংস কোপাতে গিয়ে নিজের হাতে ধারালো অস্ত্রের আঘাত লাগাসহ নানাভাবে আহত হয়েছেন এই ১২৪ জন।

তিনি আরও বলেন, সকাল থেকে হাসপাতালে ২১৬ জন রোগী এসেছে। সবাইকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। কাউকে কাউকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

আহতরা ঢাকার সাভার, কেরানীগঞ্জ, ধানমন্ডি, কলাবাগান, মুগদা, লালবাগসহ বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

এর আগে ডা. আবুল কেনান ঢাকা মেইলকে বলেন, ঈদের ছুটিতে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালে বিশেষ টিম প্রস্তুত রাখা হয়েছে। রোগীরা আসবে এবং জটিল রোগীদের অস্ত্রোপচারে কোনো ব্যাঘাত হবে না। এ ছাড়া রোস্টার তৈরি করা হয়েছে এবং সেবায় কোনো ধরনের নেতিবাচক প্রভাব পড়বে না।

এসএইচ/এফএ